১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্ত্রীসহ বিপুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

এর আগে ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই জ্বালানি প্রতিমন্ত্রী, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুদক।

স্ত্রীসহ বিপুর দেশত্যাগে নিষেধাজ্ঞা
নসরুল হামিদ বিপু

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2025, 11:17 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তার স্ত্রী সীমা হামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার দুদকের আবেদনের পর ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নসরুল হামিদ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক । শুনানি নিয়ে আদালত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।

বিপু ও স্ত্রী-সন্তানের বিরুদ্ধে 'অবৈধসম্পদের মামলা

দুদকের অনুসন্ধানকালে গোপন সূত্রে পাওয়া তথ্যের বরাতে আবেদনে বলা হয়, বিপু ও তার স্ত্রী অর্থপাচার ও দেশত্যাগের পরিকল্পনা করেছেন। এ কারণে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

এতে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নসরুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী সীমা হামিদের নামে জ্ঞাত আয় বর্হিভূত ৬ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৯৬৪ টাকার সম্পদ অর্জনে সহায়তা করেছেন। দণ্ডবিধির ১০৯ ধারায় এ শাস্তিযোগ্য অপরাধ করার মামলাটির তদন্ত চলছে।

এর আগে গত ২৬ ডিসেম্বর বিপুর বিরুদ্ধে ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার কথা জানায় দুদক।

এছাড়া তার ছেলে জারিফ হামিদ ও স্ত্রী সীমা হামিদের নামেও দুদক আলাদা মামলা করেছে। সেসব মামলায়ও আসামি হিসেবে বিপুর নাম রয়েছে।