১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদের এক সপ্তাহ আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

“যেসব কারখানা এখনো বকেয়া বেতন পরিশোধ করেনি, তাদের বিষয়ে সরকার দ্রুত হস্তক্ষেপ করবে,” বলেন শ্রমমন্ত্রী।

ঈদের এক সপ্তাহ আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
প্রতি বছরই ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভের ঘটনা দেখা যায়। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 09:28 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

কোরবানির ঈদের আগে ২১ মের মধ্যে সব কারখানার শ্রমিকদের বোনাস ও মাসিক বেতন পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার ঢাকার সিরডাপ মিলনায়তনে এক সভায় এ নির্দেশ দেন মন্ত্রী।

তিনি বলেন, “শ্রমিকদের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর। সড়কে যানজট এড়াতে মালিক ও শ্রমিক পক্ষের সমঝোতার ভিত্তিতে পর্যায়ক্রমে বা ধাপে ধাপে কারখানাগুলো ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

“বেতন-বোনাস পরিশোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও শিল্প পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সঠিক সময়ে বেতন ও বোনাস পরিশোধ করা হলে কোনো ধরনের আন্দোলন বা শিল্প অসন্তোষ সৃষ্টি হবে না। তবে যেসব কারখানা এখনো বকেয়া বেতন পরিশোধ করেনি, তাদের বিষয়ে সরকারের দ্রুত হস্তক্ষেপ করবে।”

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদারের সভাপতিত্বে সভায় বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মালিক-শ্রমিক পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।