১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকারি কর্মচারীরা পাবেন ১০-১৫ শতাংশ ‘বিশেষ সুবিধা’, প্রজ্ঞাপন জারি

কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এ ‘বিশেষ সুবিধা’র ন্যূনতম পরিমাণ একহাজার টাকা, আর পেনশনভোগীরা ন্যূনতম ৫০০ টাকা পাবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2025, 05:03 PM

Updated : 26 Aug 2026, 12:51 PM

সরকারি কর্মচারীরা মূল বেতনের ওপর ১০ থেকে ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেতে যাচ্ছেন।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, বেতন গ্রেড–১ থেকে গ্রেড–৯ পর্যন্ত চাকুরেরা মূল বেতনের ওপর ১০ শতাংশ ‘বিশেষ সুবিধা’ পাবেন। আর গ্রেড–১০ থেকে গ্রেড–২০ পর্যন্ত চাকুরেরা ‘বিশেষ সুবিধা’ পাবেন ১৫ শতাংশ হারে।

কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এ ‘বিশেষ সুবিধা’র ন্যূনতম পরিমাণ একহাজার টাকা, আর পেনশনভোগীরা ন্যূনতম ৫০০ টাকা পাবেন।

জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্বশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগীদের (পুনঃস্থাপনকৃত) জন্য এই বিশেষ সুবিধা কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগ পর্যন্ত সবশেষ মূল বেতনের গ্রেড ভিত্তিতে ‘বিশেষ সুবিধা’ পাবেন। পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে পেনশনের বিদ্যমান অংশের ওপর গ্রেড ভিত্তিতে ‘বিশেষ সুবিধা’ দেওয়া হবে।

অবসর গ্রহণকারীদের মধ্যে যারা ১০০ শতাংশ পেনশন বা সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনো পেনশন পুনঃস্থাপনের উপযুক্ত হননি; তাদের ক্ষেত্রে এ বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। এ ছাড়া বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরা এই বিশেষ সুবিধা পাবেন না।

সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নিয়ে স্পষ্ট বক্তব্য না দিলেও বাজেটে তাদের জন্য ‘বিশেষ সুবিধার’ পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার বাজেট বক্তৃতায় তিনি বলেন, “২০১৫ সালের পর কোনো বেতন কাঠামো না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি।”

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়টি আলোচনায় ছিল। শেষ পর্যন্ত মহার্ঘ ভাতার বদলে ‘বিশেষ সুবিধা’ দিচ্ছে সরকার।

সরকারি কর্মচারীদের 'বিশেষ সুবিধা' বাড়ছে