২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

একদিনের রিমান্ডে বাবুল আক্তার

পিবিআইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ‘ষড়যন্ত্রের’ অভিযোগ আনা হয়েছে এ মামলায়।

একদিনের রিমান্ডে বাবুল আক্তার

পুলিশ প্রহরায় সাবেক এসপি বাবুল আক্তারকে আদালতে নেওয়া হয়।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2022, 04:36 PM

Updated : 10 Nov 2022, 04:36 PM

ডিজিটাল নিরাপত্তা ও বিশেষ ক্ষমতা আইনে পিবিআই প্রধানের করা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে পাঠিয়েছে আদালত।

পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আরাফাতুল রাকিব বৃহস্পতিবার এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান ও সহকারি পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আর আসামিপক্ষে আইনজীবী শিশির মনির জামিন আবেদন করেন।

এর আগে সকালেই বাবুলকে কেরানীগঞ্জ কারাগার থেকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে নিয়ে আসা হয়। বেলা পৌনে ১১টার দিকে বিচারক আশেক ইমাম পিবিআই প্রধান বনজ কুমারের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

আগের দিন বুধবার বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে পেতে আদালতে আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম। ওই আবেদনের ওপরই বৃহস্পতিবার শুনানি হয়।

পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের পক্ষে গত ২৭ সেপ্টেম্বর ঢাকার ধানমণ্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা করেন পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। চট্টগ্রামের মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডের আসামি, তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ চারজনকে সেখানে আসামি করা হয়।

মামলার প্রধান আসামি প্রবাসী ইউটিউবার ইলিয়াছ হোসাইন, যিনি এক সময় দেশে সাংবাদিকতায় যুক্ত ছিলেন। অপর দুই আসামি হলেন- বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ, ভাই হাবিবুর রহমান লাবু।

মিতু হত্যা মামলায় ‘স্বীকারোক্তি আদায়ে’ হেফাজতে নির্যাতনের অভিযোগ তুলে এর আগে পিবিআই প্রধান বনজ কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছিলেন বাবুল আক্তার।

সেই আবেদন আদালত খারিজ করে দেওয়ার দুই দিনের মাথায় বাবুলের বিরুদ্ধে মামলা করেন অতিরিক্ত আইজিপি বনজ কুমার।

ছয় বছর আগে মিতু হত্যার ঘটনায় তার স্বামী বাবুল আক্তার যে মামলা করেছিলেন, সেই মামলায় তার বিরুদ্ধেই অভিযোগপত্র দিয়েছে পিবিআই। ২০২১ সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে আছেন।

পিবিআই প্রধানের করা মামলার এজাহারে বলা হয়েছে, কারাগারে আটক থাকা সাবেক এই পুলিশ কর্মকর্তা মিতু হত্যা মামলার তদন্ত ‘ভিন্নখাতে প্রবাহিত করাসহ’ বাংলাদেশ পুলিশ ও পিবিআইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য দেশে ও বিদেশে অবস্থানরত আসামিদের নিয়ে ‘অপরাধমূলক বিভিন্ন অপকৌশল এবং ষড়যন্ত্রের’ আশ্রয় গ্রহণ করছেন।

আরও খবর

পুরনো খবর:

পিবিআই প্রধানের মামলায় বাবুল আক্তারকে রিমান্ডে নেওয়ার আবেদন
এবার বাবুল আক্তারের বিরুদ্ধে পিবিআই’র আরেক কর্মকর্তার মামলা
এবার বাবুল আক্তারের বিরুদ্ধে পিবিআই প্রধানের মামলা
পিবিআই প্রধানসহ ৬ জনের বিরুদ্ধে ‘হেফাজতে নির্যাতনের’ অভিযোগ বাবুল আক্তারের
পরকীয়া জেনে যাওয়ায় মিতুকে খুন করান স্বামী বাবুল: পিবিআই
মিতু হত্যা: বাবুল আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ