১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গান-কবিতা-রং-তুলিতে শিশু একাডেমির বর্ষবরণ

বৈশাখ বরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে কবি নির্মলেন্দু গুণ তার বক্তব্যে শৈশবের পহেলা বৈশাখের স্মৃতিচারণ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2024, 06:48 PM

Updated : 14 Apr 2024, 06:47 PM

গান, কবিতা আর ছবি এঁকে বাংলা নতুন বছরকে বরণ করল শিশু একাডেমি।

রোববার ঢাকার শিশু একাডেমি প্রাঙ্গণে 'বৈশাখের রং লাগাও প্রাণে' শিরোনামে উন্মুক্ত ক্যানভাসে ছবি আঁকার উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ।

এরপর ক্যানভাসে ছবি আঁকেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম এবং মহাপরিচালক আনজীর লিটন। শিশুরাও আঁকে বৈশাখের ছবি।

বৈশাখ বরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে কবি নির্মলেন্দু গুণ তার বক্তব্যে শৈশবের পহেলা বৈশাখের স্মৃতিচারণ করেন।

কবি বলেন, তার শৈশবের বৈশাখে নতুন পোশাক পরে বর্ষবরণ উদযাপনের সামর্থ্য ছিল না। সামর্থ্য না থাকলেও সেসময় তাদের আনন্দেরও কোনো কমতি ছিল না।

শিশু একাডেমিতে বৈশাখবরণ করতে এসে প্রথমবারের মত মেট্রোরেল দেখেও আপ্লুত হন কবি গুণ। মেট্রোরেলে জনমানুষের ভোগান্তি দূর হতে দেখে বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্যানভাস উদ্বোধনের পর শিশু একাডেমির উন্মুক্ত চত্বরে বৈশাখের গান 'এসো হে বৈশাখ' পরিবেশন করে বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশু শিল্পীরা।

এছাড়া বাংলাদেশ শিশু একাডেমির শিশুশিল্পী, প্রশিক্ষক এবং অভিভাবকরা বৈশাখ বরণের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

পঞ্জিকার পাতা উল্টে ১৪৩০ থেকে ১৪৩১ সাল এসেছে এদিন। নবজীবন লাভ করে সম্প্রীতির সাধনায় নিজেদের নিমগ্ন করার প্রতিজ্ঞার মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানায় সংস্কৃতি শিক্ষার প্রতিষ্ঠান ছায়ানট। একে একে গান আর পাঠে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে সকালে সুরের এই আয়োজন চলে দুই ঘণ্টা।