২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুজবে কান দেওয়ার আগে যাচাই করুন: প্রধানমন্ত্রী

“এখন ব্যাংক থেকে টাকা তুলে কেউ যদি ঘরে রাখে, ওটা তো মনে হবে চোরদের আরও সুবিধা করে দেওয়া। কারণ চোর, সে টাকা চুরি করে নিতে পারে।”

গুজবে কান দেওয়ার আগে যাচাই করুন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2022, 09:41 PM

Updated : 13 Dec 2022, 09:41 PM

দেশে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে মন্তব্য করে যে কোনো খবর বিশ্বাস করার আগে জনগণকে তা যাচাই করে দেখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, “যেভাবে আমরা অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছি, যদিও বিশ্ব অর্থনৈতিক মন্দার ধাক্কা আমাদের উপর এসে পড়েছে। তারপরও আমাদের সর্বাঙ্গীন প্রচেষ্টা হচ্ছে কোনোমতেই যেন এই ধাক্কায় আমার দেশের মানুষ কষ্ট না পায়। তার জন্য কিন্তু আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি, চেষ্টা করে যাচ্ছি।

“কিন্তু এখানে একটা কথা না বলে পারছি না। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে কোনো কোনো মহল হঠাৎ হঠাৎ নানা ধরনের গুজব ছড়ায়। গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে ফেলে। যেমন কিছুদিন আগে হঠাৎ ছড়ালো কী? ব্যাংকে টাকা নাই। কাজেই সবাই টাকা তুলে ফেলেন। আর আমাদের বিদেশে যারা কাজ করেন তাদেরকেও এই মেসেজ দেওয়া হলো যে বাংলাদেশে টাকা পাঠিয়ে লাভ নাই, কারণ ব্যাংকে টাকা নাই।”

মিরপুর সেনানিবাসের শেখ হাসিনা কমপ্লেক্স, ডিএসসিএসসিতে অনুষ্ঠিত ‘ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স ২০২২’-এর ‘গ্রাজুয়েশন সেরিমনি’তে যোগ দিয়ে একথা বলেন সরকারপ্রধান।

গুজব ছড়ালেও ব্যাংকে যারা টাকা তুলতে যাচ্ছে তারা টাকা তুলতে পারছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এখন ব্যাংক থেকে টাকা তুলে কেউ যদি ঘরে রাখে, ওটা তো মনে হবে চোরদের আরও সুবিধা করে দেওয়া। কারণ চোর, সে টাকা চুরি করে নিতে পারে।”

উদাহরণ দিয়ে তিনি বলেন, “একজন ব্যাংক থেকে প্রায় ১২ লক্ষ টাকা তুলে ঘরে রেখে দিয়েছে, ঘরের এখানে সেখানে গুঁজে গুঁজে রেখেছে। তারপর দেখে যে সেখান থেকে ৩-৪ লাখ টাকাই নাই। কখন কীভাবে গিয়েছে কিচ্ছু জানে না। ভয়ের চোটে আবার সে টাকাটা নিয়ে ব্যাংকে রেখেছে।

“এই যে বিভ্রান্ত হওয়া এবং গুজবে কান দেওয়া…দয়া করে গুজবে কেউ কান দেবেন না, নিজে যাচাই না করে। এটা আমি সকলকেই বলবো যে এই ব্যাপারটায় সকলে যেন একটু সজাগ হয়।”

কোভিড মহামারী ও রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের ফলে নিষেধজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞায় বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধিসহ নানা সমস্যার কথা তুলে ধরেন সরকারপ্রধান।

যুক্তরাজ্য নিজেদের ‘অর্থনৈতিক মন্দার দেশ’ ঘোষণা দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, “আমরা এখনো সেই দুরবস্থায় পড়ি নাই। অন্তত এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি। আমাদের সেই প্রচেষ্টা আছে।”

দেশের মানুষকে খাদ্য উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, “যেহেতু বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে আমাদের খাবারটা আমরা যেন নিজেরা উৎপাদন করতে পারি, কারও কাছে যেন হাত পেতে আমাদের চলতে না হয়, কারও কাছ থেকে যেন আমাদের নিতে না হয়, সেই ব্যাপারে সবাইকে নজরটা রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।”

কোভিড মোকাবিলায় দেশে বিনামূল্যে টিকা দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “আমি জানি না সকলে বুস্টার ডোজ নিয়েছেন কিনা। যদি না নিয়ে থাকেন আপনারা কিন্তু নিয়ে নেবেন। আমার অনুরোধ থাকবে প্রত্যেকের এটা নিয়ে নেওয়া উচিৎ। নিজেকে সুরক্ষিত রাখার জন্যই এটা বিশেষ করে দরকার।”

দেশের উন্নয়নে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও মেট্রোরেলসহ আওয়ামী লীগ সরকারের নানা পদক্ষেপের কথা অনুষ্ঠানে তুলে ধরেন দলের সভানেত্রী।

“এমনভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছি, বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে ৬-৭ ঘণ্টার মধ্যে যেন রাজধানীতে এসে পৌঁছাতে পারে। সেই ধরনের যোগাযোগ ব্যবস্থা কিন্তু আমরা মোটামুটি তৈরি করে দিয়েছি এবং এখনো কাজ চলমান আছে, চলমান থাকবে।”

দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “আমাদের দেশটাকে যে আমরা আজকে সারাবিশ্বের কাছে...বাঙালি জাতি যেন মাথা উঁচু করে চলতে পারে অন্তত সেইটুকু করতে পেরেছি।”

একসময় বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি এবং বাংলাদেশকে হেয় করে দেখা হতো মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “অন্তত আজকে এই দাবি করতে পারি, এখন আর কেউ বাংলাদেশকে সেই নিচু দৃষ্টিতে দেখে না বরং বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে উন্নয়নের রোল মডেল হিসেবেই স্থান করে নিতে সক্ষম হয়েছে।”