১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুর্নীতির মামলা: বুধবার মির্জা আব্বাসের রায় নয়, ফের যুক্তিতর্ক হবে

এর আগে এ মামলার রায় ঘোষণার তারিখ দুইবার পিছিয়েছে।

দুর্নীতির মামলা: বুধবার মির্জা আব্বাসের রায় নয়, ফের যুক্তিতর্ক হবে

আদালতে বিএনপি নেতা মির্জা আব্বাস। ফাইল ছবি

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2024, 05:20 PM

Updated : 24 Jan 2024, 06:28 PM

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন- দুদকের মামলায় ফের যুক্তিতর্ক শুনবে আদালত।

ফলে বুধবারও মির্জা আব্বাসের সম্পদের মামলায় রায় পাওয়া যাবে না। এদিন যুক্ততর্ক শুনানি হবে।

ঢাকার ৬ নম্বর বিশেষ জজ মঞ্জুরুল ইমাম রায় ঘোষণার আগের দিন মঙ্গলবার এই সিদ্ধান্ত দিয়েছেন, যা রাষ্ট্র ও আসামিপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।

আদালতের পেশকার (বেঞ্চ সহকারী) ফকির মোহাম্মদ জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে এ মামলার রায় ঘোষণার তারিখ দুইবার পিছিয়েছে।

রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনে রায় ঘোষণার জন্য বিচারক প্রথমবার ৩০ নভেম্বর তারিখ দিয়েছিলেন। কিন্তু সেদিন বিচারক জানিয়েছিলেন ‘সময়ের অভাবে’ রায় প্রস্তুত করা যায়নি, তাই তারিখ ঠিক করেন ১২ ডিসেম্বর।

কিন্তু বিচারকের ‘বাবা অসুস্থ হয়ে হাসপাতালে থাকায়’ ওই তারিখও পিছিয়ে যায়। রায়ের জন্য নতুন তারিখ রাখা হয় ২৮ ডিসেম্বর।

মির্জা আব্বাসের পক্ষ নিয়ে মামলা লড়ছেন আইনজীবী মো. আমিনুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী ও শাহীনূর ইসলাম অনি। আর রাষ্ট্রপক্ষে রয়েছেন দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

পুরানো খবর:

অবৈধ সম্পদ: তৃতীয়বার পেছাল মির্জা আব্বাসের রায়

আয়ের সঙ্গে ‘অসঙ্গতিপূর্ণ’ ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদের মালিক হওয়া এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ অগাস্ট দুদকের উপপরিচালক মো. শফিউল আলম ঢাকার রমনা থানায় এ মামলা করেন।

তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে দুদকের উপপরিচালক মো. খায়রুল হুদা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সেখানে আব্বাসের বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

২০০৮ সালের ১৬ জুন মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।