হজে যেতে নিবন্ধন করা যাবে আরও ৩ দিন
কোটা পূরণ না হওয়ার জন্য অনেকেই হজ প্যাকেজের মূল্য বৃদ্ধিকে দায়ী করছেন।
কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় ষ্ষ্ঠ দফায় ৩০ মার্চ পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়।
নির্ধারিত সময় অনুযায়ী সোমবার হজযাত্রী নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এই সময়ের মধ্যে কোটা পূরণ হয়নি।
চুক্তি অনুযায়ী, এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যেতে পারবেন। কিন্তু সোমবার পর্যন্ত নিবন্ধন করেছেন এক লাখ ১৭ হাজার ৩৬২ জন।
তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৯ হাজার ৮৯২ জন, আর বাকি এক লাখ ৭ হাজার ৪৭০ জন নিবন্ধন করেছেন বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য।
কোটা পূরণ না হওয়ার জন্য অনেকেই হজ প্যাকেজের মূল্য বৃদ্ধিকে দায়ী করছেন।
এ বছর সরকারিভাবে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছিল ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা, আর বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছিল ৬ লাখ ৭২ হাজার ৬১৮টাকা। পরে সৌদি সরকার সেবামূল্য কমানোয় উভয় প্যাকেজ থেকে ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ২৭ জুন হজ হতে পারে।
