Published : 20 Oct 2025, 06:22 PM
ঢাকার সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি সোহেল রোজারিওকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ কে এম মহিউদ্দিন।
এদিন তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই আ. ওয়াহাব। সোহেলের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত তার বক্তব্য জানতে চান।
সোহেল বলেন, “আমি এ ঘটনার সাথে জড়িত না। অপর দুই আসামি (বিপ্লব রোজারিও ও মিঠু বিশ্বাস) ওই মেয়েকে নিয়ে যাচ্ছিল। তাদের দেখে আমি যাই। আমি প্রধান আসামি না।”
পরে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেয় বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই বাহাজ উদ্দিন।
সোহেলকে রোববার গভীররাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিন এ মামলার আসামি মিঠু বিশ্বাসকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, গেল ১৪ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্রী সাভারে ছাত্র পড়িয়ে বাসায় ফেরেন। কিন্তু এসে দেখেন বাসা তালাবদ্ধ।
পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তার মা বাসায় তালা দিয়ে পাশের এক চা দোকানির কাছে চাবি রেখে গেছেন। তিনি দোকান থেকে চাবি নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। ফেরার পথে সোহেল রোজারিও ওই তরুণীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।
কিছুদূর যাওয়ার পর সোহেলের সঙ্গে অন্য দুই আসামির দেখা হয়। এরপর তারা ওই তরুণীকে অনুসরণ করতে থাকেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন। সন্ধ্যা ৭টার দিকে ভয়ভীতি দেখিয়ে নিজের বাসায় নিয়ে তাকে ‘ধর্ষণ’ করেন সোহেল। এ ঘটনায় সহযোগিতা করেন অন্য দুইজন।
‘ধর্ষণের’ বিষয়টি কাউকে জানালে ওই ছাত্রীকে ‘হত্যার হুমকি’ দেন সোহেল।
এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় ধর্ষণ মামলা করেন। মামলায় সোহেল রোজারিও, মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিওকে আসামি করা হয়েছে।