১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিইউপির ছাত্রী ‘ধর্ষণ’, আসামির ২ দিনের রিমান্ড

মিঠু বিশ্বাসকে শনিবার রাত আড়াইটার দিকে ঢাকার তেজকুনীপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2025, 07:43 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

ঢাকা জেলার সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-বিইউপির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার মিঠু বিশ্বাসকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। 

প্রসিকিউশন বিভাগের এসআই মো. বাহাজ উদ্দিন এ তথ্য দিয়েছেন।

মিঠু বিশ্বাসকে শনিবার রাত আড়াইটার দিকে ঢাকার তেজকুনীপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই মো. আব্দুল ওয়াহাব।  

আসামি পক্ষের আইনজীবী মো. ফরিদ উদ্দিন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ডের আদেশ দেয়। 

মিঠু বিশ্বাস সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার দেবেন্দ্র বিশ্বাসের ছেলে।

মামলার বিবরণীতে বলা হয়েছে, গেল ১৪ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী ওই ছাত্রী সাভারে ছাত্র পড়িয়ে বাসায় ফেরেন। কিন্তু এসে দেখেন বাসা তালাবদ্ধ। 

পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তার মা বাসায় তালা দিয়ে পাশের এক চা দোকানির কাছে চাবি রেখে গেছেন। তিনি দোকান থেকে চাবি নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। ফেরার পথে সোহেল রোজারিও ওই তরুণীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। 

কিছুদূর যাওয়ার পর সোহেলের সঙ্গে অন্য দুই আসামির দেখা হয়। এরপর তারা ওই তরুণীকে অনুসরণ করতে থাকেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন। সন্ধ্যা ৭টার দিকে ভয়ভীতি দেখিয়ে নিজের বাসায় নিয়ে তাকে ‘ধর্ষণ’ করেন সোহেল। এ ঘটনায় সহযোগিতা করেন অন্য দুইজন। 

‘ধর্ষণের’ বিষয়টি কাউকে জানালে ওই ছাত্রীকে ‘হত্যার হুমকি’ দেন সোহেল।

এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় ধর্ষণ মামলা করেন। মামলায় সোহেল রোজারিও, মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিওকে আসামি করা হয়েছে।