সাবেক রাষ্ট্রপতির ভাই আবদুল হক মারা গেছেন
কিশোরগঞ্জের মিঠামইনে সোমবার দুপুরে জানাজার পর কামালপুর গোরস্তানে দাফন করা হবে তাকে।
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই মুক্তিযোদ্ধা আবদুল হক নুরু মারা গেছেন; তার বয়স হয়েছিল ৬৮ বছর।
রোববার বিকাল ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয় তার।
ঢাকা বিম্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তার দেওয়া তথ্যমতে, আবদুল হক নুরুর জন্ম ১৯৫৭ সালের ৫ নভেম্বর; কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে।
তিনি কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, গুরুদয়াল সরকারি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে লেখাপড়া করেন।
শিক্ষা ও সংস্কৃতি অনুরাগী এই মুক্তিযোদ্ধা নিজের মায়ের নামে প্রতিষ্ঠা করেন তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। মিঠামইন কলেজ গড়ে তোলার পেছনেও তার ভূমিকা আছে। কলেজটি পরে ‘মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ’ নামকরণ হয়।
তিনি মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
অধ্যাপক সামাদ বলেন, তার মরদেহ সিএমএইচে রাখা হবে। সোমবার দুপুর সাড়ে ১২টায় হেলিকপ্টারে লাশ নেওয়া হবে মিঠামইন। সেখানে জানাজার পর কামালপুর পারিবারিক গোরস্তানে দাফন করা হবে তাকে।
