২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে ২৪ অভিযোগ

তিনটি মামলার রায় ঘোষণা করা হয়েছে, দুইটি রায়ের অপেক্ষায় আছে এবং ১৯টির বিচার চলমান আছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 01:09 AM

Updated : 26 Aug 2026, 02:55 PM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের চলমান ও রায় ঘোষণাসহ সব মামলার সবশেষ তথ্য দিয়েছে প্রসিকিউশন।

ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম সোমবার সাংবাদিকদের এ তথ্য প্রকাশ করেন।

তার দেওয়া তথ্য মতে, এ পর্যন্ত আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে ২৪টি। এর মধ্যে ট্রাইব্যুনাল-১ এ ১৮টি এবং ট্রাইব্যুনাল-২ এ ৬টি। এগুলোর মধ্যে তিনটি মামলার রায় ঘোষণা করা হয়েছে, দুইটি রায়ের অপেক্ষায় আছে এবং ১৯টির বিচার চলমান আছে। 

বিচারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের সাজা হয়েছে এবং রাজসাক্ষী হয়ে ক্ষমা পেয়েছেন একজন।

চলমান মামলাগুলোতে সর্বমোট আসামি ৪৫৭ জন। গ্রেপ্তার করা আসামি ১৬১ জন; পলাতক ২৯৩ জন; জামিনপ্রাপ্ত আসামি ১ জন; মৃত্যুবরণ করেছেন ১ জন এবং খালাস পেয়েছেন ১ জন।

গ্রেপ্তার করা আসামিদের মধ্যে আওয়ামী লীগ আমলের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ ৭৪ জন, পুলিশ ৬৫ জন, সেনাবাহিনীর ২০ জন এবং আনসার সদস্য ১ জন রয়েছেন।

এছাড়া বিবিধ মামলা রয়েছে ৩৪টি, যার মধ্যে ট্রাইব্যুনাল-১ এ ৩২টি এবং ট্রাইব্যুনাল-২ এ ২টি। এই ৩২ মামলায় আসামি ২০৭ জন। তাদের মধ্যে ৯৬ জন গ্রেপ্তার রয়েছেন। 

যে দুটি মামলা রায়ের জন্য অপেক্ষমান রয়েছে সে দুটির বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, একটি রংপুরের আবু সাইদ হত্যা মামলা এবং অপরটি রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবক আমিরকে গুলি করার মামলা। এ দুই মামলায় আসামি ৩৫ জন।