কলেজের গভর্নিং বডির সদস্য হতে যাদের স্নাতকোত্তর লাগবে না
বেসরকারি কলেজের গভর্নিং বডির সভাপতি ও সদস্য হতে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বেসরকারি কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হতে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক হলেও চিকিৎসক, প্রকৌশলী ও আইনজীবীদের জন্য তা শিথিল করা হয়েছে।
ফলে এমবিবিএস ও বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস এবং এলএলবি পাস করে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেই তারা গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হতে পারবেন।
এ তিন পেশায় ডিগ্রি নিতে সময় বেশি লেগে যাওয়ার কারণে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার।
বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এমবিবিএস ডাক্তার, বিএসসি ইঞ্জিনিয়ার ও আইনজীবীদের শিক্ষাজীবন শেষ করতে অনেকটা সময় যায়। এমবিবিএস শেষ করতে অনেক ক্ষেত্রে ছয় বছর লেগে যায়। আর বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করতে ও আইনজীবী হতেও এ রকম সময় লাগে। তাই পেশাজীবী হিসেবে তাদের জন্য স্নাতকোত্তর ডিগ্রির বাধ্যবাধকতা শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।”
গত ১১ মার্চ এক প্রজ্ঞাপনে স্নাতক পর্যায়ের বেসরকারি কলেজগুলোর গভর্নিং বডি ও অ্যাডহক বা অস্থায়ী কমিটির সভাপতি বা বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক করা হয়। সেইসঙ্গে একজন ব্যক্তি দুটির বেশি কলেজের সদস্য হতে পারবেন না।
আরও পড়ুন-
