১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অবৈধ সম্পদ: শ ম রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

অভিযোগ উঠেছে, বরিশালের নাজিরপুর, পিরোজপুর এবং ঢাকার বিভিন্ন স্থানে স্থাবর সম্পদ রয়েছে রেজাউলের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2025, 07:11 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

অবৈধভাবে প্রায় ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভীনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা, দুদক আইনের ২৭ (১) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, রেজাউল করিম ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন ৮ কোটি ৮৬ লাখ ১১ হাজার টাকা অর্জন করেছেন। 

এছাড়া তার নামে ১২টি ব্যাংক হিসাবে ৬ কোটি ৮৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের কথা উল্লেখ করা হয়েছে এজাহারে।  

দ্বিতীয় মামলায় শ ম রেজাউল করিমের সঙ্গে তার স্ত্রী ফিরোজা পারভীনকেও আসামি করা হয়েছে। 

মামলায় তাদের বিরুদ্ধে ৩ কোটি ৫ লাখ ৫৫ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর শ ম রেজাউল করিমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে অনুসন্ধানে নামার কথা জানায় দুদক। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হন শ ম রেজাউল করিম। ২০১৮ সালেও একই আসন থেকে জয়ী হন তিনি।

অভিযোগ উঠেছে, বরিশালের নাজিরপুর, পিরোজপুর এবং ঢাকার বিভিন্ন স্থানে স্থাবর সম্পদ রয়েছে রেজাউলের। 

এছাড়া মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন নামক প্রকল্পের আওতায় যন্ত্রপাতি কেনা এবং প্রশিক্ষণের নামে ২৫ কোটি টাকা আত্মসাৎ, একটি গাড়ি, ব্যাংকে জমা টাকা ছাড়া দেশে-বিদেশে তার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে বলে অভিযোগ রয়েছে।