Published : 01 Dec 2025, 11:02 PM
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার সন্ধ্যায় এক্সে এক পোস্টে তিনি বলেছেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন, যিনি দীর্ঘদিন বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন।
“তার দ্রুত আরোগ্য লাভের জন্য আমাদের প্রার্থনা ও শুভকামনা। যেকোনোভাবে পারি, সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে ভারত প্রস্তুত।”
৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৩ নভেম্বর রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা নিরীক্ষায় বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর মধ্যে গত বৃহস্পতিবার মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘সংকটময়’।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন শনিবার সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে তার শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও সুপারিশের ওপর।
এর মধ্যে রোববার রাতে খালেদা জিয়ার অবস্থার অবনতির খবর আসে। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অবস্থার অবনতি হওয়ায় ‘ভেন্টিলেশনে’ নেওয়া হয়েছে তাদের নেত্রীকে।
এরপর সোমবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার অবস্থা ‘স্থিতিশীল’ আছে। গণমাধ্যমে আসা বিভিন্ন ধরনের খবরে ‘বিভ্রান্ত না হওয়ার’ আহ্বানও জানান তিনি।
খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা ও পরামর্শ দিতে চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম সোমবার ঢাকায় এসেছে। বিকালে এভারকেয়ার হাসপাতাল তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেন তারা।
এর আগে রোববার খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিভিন্ন দেশের কূটনীতিকরা হাসপাতালে গিয়ে খোঁজ-খবর নিয়েছেন।
আরও পড়ুন-
খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী