কর্মীকে ‘যৌন হয়রানি’: হাসপাতাল এমডি গ্রেপ্তার
অন্য এক কর্মীকে মারধরের মামলারও আসামি এমডি। সেই মামলায় গ্রেপ্তার হয়ে একদিন আটক থাকার পর জামিন পান তিনি।
রাজধানীর মোহাম্মদপুরে একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) গ্রেপ্তার করে পুলিশ বলছে, ওই হাসপাতালের একজন নারী কর্মীকে ‘অনৈতিক’ প্রস্তাব দিয়ে রাজি করাতে না পেরে তাকে যৌন হয়রানি ও মারধর করেছিলেন তিনি। ধানমন্ডির ২৭ নম্বর রোডের কাছে মাদার কেয়ার হাসপাতালের সেই নারী কর্মী গত শনিবার মোহাম্মদপুর থানায় মামলা করেছিলেন।
রোববার রাতে পুলিশ ওই হাসপাতালের এমডি শামীম রহমান শিমুল ও তার সহযোগী বাদশা ফয়সলকে গ্রেপ্তার করে।
মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভুঞা জানান, প্রায় দেড় বছর ধারে ওই নারী কর্মী রিসিপসনিস্টের পাশাপাশি বিলিং সেকশনে কাজ করতেন।
মামলার বরাত দিয়ে তিনি জানান, এমডি ওই নারী কর্মীকে প্রায়ই তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দিতেন। তাকে মাদকসেবন করতে চাপ দিতেন। রাজি না হলে চাকরিচ্যুত করার হুমকিও দিতেন।
এক পর্যায়ে চাকরি ছেড়ে দিতে বাধ্য হন সেই নারী। পরে গত ১৭ মে দুই মাসের বকেয়া বেতন চাইতে এলে তাকে আবার একই প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ এনেছেন সেই নারী।
তখন প্রতিক্রিয়া জানালে এমডি তার কক্ষে ডেকে মারধর ও যৌন হয়রানি করেন বলে মামলায় লেখা হয়। তিনি জানান, এমডি তার বোরকা ছিড়ে ফেলেন। সেই কক্ষে বাদশা ফয়সল ছাড়াও স্মৃতি নামে একজন আয়া ছিলেন। তারাও শামীমকে সহযোগিতা করেন বলে সেই নারী অভিযোগ করেছেন।
মামলার বাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালের এমডি তাকে আপত্তিকর কথাবার্তা লিখে মোবাইলে মেসেজ পাঠাতেন। এ কারণে চাকরি ছেড়ে দিতে বাধ্য হন।
সেদিনের ঘটনা যেন রেকর্ড না হয় সে জন্য এমডি তার কক্ষে থাকা সিসি ক্যামেরা ঘুরিয়ে রেখেছিলেন বলেও জানান সেই নারী। বলেন, “তার রুমে কোনো নারী কর্মী গেলেই তিনি সিসি ক্যামেরা ঘুরিয়ে রাখতেন।”
ওসি জানান, সেই ঘটনার দুদিন পর আরিফ নামের হাসপাতালের এক ওয়ার্ড বয় তার বকেয়া বেতন চাইতে গেলে তাকেও মারধর করে রক্তাক্ত করা হয়। এই ঘটনায় মামলা হয়। সেই মামলায় শিমুলকে গ্রেপ্তার করা হলে পর দিনই তিনি জামিনে বের হয়ে আসেন।
