২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

এইডিস মশার লার্ভা পাওয়ায় জাপান গার্ডেন সিটিকে ৫ লাখ টাকা জরিমানা

সেখানে পরিদর্শনে গিয়ে লার্ভার পাশাপাশি মশার ওড়াউড়ি দেখেন মেয়র আতিকুল ইসলাম।

এইডিস মশার লার্ভা পাওয়ায় জাপান গার্ডেন সিটিকে ৫ লাখ টাকা জরিমানা

জাপান গার্ডেন সিটির একটি অ্যাপার্টমেন্টের বেইজমেন্টে জমা পানিতে এইডিস মশার লার্ভা পান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 12:49 PM

Updated : 08 Jul 2023, 08:34 PM

ডেঙ্গু মোকাবেলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অভিযানে ৫ লাখ টাকা জরিমানা গুনতে হল মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষকে।

কয়েকশ ফ্ল্যাটের ওই আবাসিক এলাকায় শনিবার সকালে আকস্মিক পরিদর্শনে যান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। এ সময় জাপান গার্ডেন সিটির কয়েকটি বহুতল ভবনের বেইজমেন্ট দেখেন তিনি।

তিনটি ভবনের বেইজমেন্টে গিয়ে প্রতিটিতেই গাড়ি ধোয়ার পর জমে থাকা পানিতে এইডিস মশার অসংখ্য লার্ভা দেখতে পান মেয়র। জীবন্ত মশাও সেখানে ওড়াউড়ি করছিল।

মেয়র এসময় জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট ওনার্স কল্যাণ সমিতির প্রতিনিধিদের কাছে জানতে চান, এখানে এত মশা কীভাবে এল?

সমিতির সাধারণ সম্পাদক শহীদুর রহমান বলেন, “আমরা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। কিন্তু সিটি কর্পোরেশনের লোকজন কখনও এখানে মশা মারতে আসে না।”

নিয়মিত পরিষ্কার করলে মশার লার্ভা কীভাবে জমল- মেয়রের এই প্রশ্নে কোনো উত্তর দেননি শহিদুর রহমান।

তখন আতিকুল ইসলাম বলেন, "ভবনের ভেতরে জমে থাকা পানি সিটি কর্পোরেশন পরিষ্কার করবে না। এসব ভবনে আমাদের কর্মীরা ঢুকতে পারে না। শুধু এই এলাকা না ঢাকার অনেক ভবনে, বাড়িতে আমাদের কর্মীদের ঢুকতে বাধা দেয়া হয়।"

Image

জাপান গার্ডেন সিটিতে এইডিস মশার লার্ভা পাওয়ায় ৫ লাখ টাকা জরিমানা করেছে ডিএনসিসি।

এরপর এইডিস মশার লার্ভা পাওয়ায় জাপান গার্ডেন সিটিকে ৫ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ।

তিনি বলেন, "এখানে প্রচুর এইডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ কারণে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে কল্যাণ সমিতির সভাপতি বা সাধারণ সম্পাদককে তিন মাসের কারাদণ্ড হবে।"

এবার ঢাকায় এইডিস মশার বিস্তার গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি হওয়ায় ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত শুক্রবার পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ২৯৭ জন। তাদের মধ্যে ৬৪ জনের মৃত্যু হয়েছে।

পুরানো খবর:

ঢাকায় এইডিস মশার বিস্তার ৫ বছরে এবারই বেশি

পুরানো খবর:

ডেঙ্গু: দ্বিতীয় বার আক্রান্ত হলে বিপদ বড়

একদিনে জরিমানা ১৭ লাখ টাকা

ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশা নিধনে শুরু হওয়া মাসব্যাপী অভিযানের প্রথম দিন শনিবার ১৭ লাখ টাকার বেশি জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

এরমধ্যে জাপান গার্ডেন সিটিসহ মোহাম্মদপুর এলাকার পাঁচটি ভবনকেই ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা,পিসি কালচার হাউজিংয়ের নির্মাণাধীন একটি বাড়ির মালিককে ৫ লাখ টাকা এবং অন্য তিনটি বাড়ির মালিককে ৫০ হাজার করে দেড় লাখ টাকা জরিমানা করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

ডিএনসিসির ১০টি অঞ্চলে আঞ্চলিক নির্বাহী  কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় ১৭টি বাড়িতে এইডিস মশার লার্ভা পাওয়া যায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।

উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ২টি ভবনে মশার লার্ভা পাওয়ায় দুই মালিককে ৪ লাখ টাকা, নুরের চালা এলাকায় দুটি বাড়ির মালিককে ৫০ হাজার টাকা, ডিএনসিসির অঞ্চল-৬ এ ৮টি মামলায় ৮৫ হাজার টাকা জরিমানা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৩ এর ২৮ নম্বর ওয়ার্ডের চকবাজার এলাকার খাজা দেওয়ান রোডে এইডিস মশার প্রজননস্থল ধ্বংসে অভিযান  চলে। এ সময় ওই এলাকার ২৭টি বাড়ি পরিদর্শন করেন ২টি বাড়িতে মশার লার্ভা পাওয়া যায়। এতে ওই দুই বাড়ির মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ডিএসসিসির প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা আকন্দ মো. ফয়সাল উদ্দীন।