১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৮ দেশে শেনগেন ভিসা আবেদনে লাগবে অ্যাপয়েন্টমেন্ট

“অ্যাপয়েন্টমেন্ট স্লটটি আপনার ব্যক্তিগত এবং আপনার  নিজেকেই  বুক করতে হবে,” বলছে সুইডেন দূতাবাস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2024, 11:24 PM

Updated : 26 Aug 2026, 11:04 AM

যে আট দেশে ভ্রমণের জন্য ঢাকায় সুইডেন দূতাবাসে আবেদন করতে হয়, সেই আবেদন জমা দিতে ১৭ ডিসেম্বর থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নিয়ম চালু হচ্ছে।

রোববার ঢাকায় সুইডেন দূতাবাসের ফেইসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

সুইডেনের পাশাপাশি বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়ায় শেনজেন ভিসায় ভ্রমণের জন্য এ পদ্ধতি চালু হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “১৭ ডিসেম্বর থেকে সব আবেদনকারীকে অবশ্যই ‘ভিএফএস গ্লোবাল সুইডেন ইন ঢাকায়’ শেনগেন ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে আগাম একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। 

“ওয়াক-ইন আবেদন আর গ্রহণ করা হবে না। অ্যাপয়েন্টমেন্ট স্লটটি আপনার ব্যক্তিগত এবং আপনার  নিজেকেই  বুক করতে হবে।”

অ্যাপয়েন্টমেন্ট বুক করার ক্ষেত্রে ভিএফএস গ্লোবালের নির্ধারিত পরিষেবা ফি দিতে হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

ভিসা আবেদনকারীদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়, “আপনি যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য উপস্থিত না হন বা আপনার নির্ধারিত সময়ের স্লটের ২৪ ঘণ্টা আগে আপনি এটি বাতিল করেন, তবে ফি ফেরত দেওয়া হবে না।

“আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য যদি বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া বা সুইডেন ভ্রমণ করা হয়; তাহলে অনুগ্রহ করে শুধুমাত্র ‘ভিএফএস  গ্লোবাল সুইডেন ইন ঢাকা’র একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন।”

ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশে ৯০ দিন বা তার কম সময় ভ্রমণের ক্ষেত্রে শেনগেন ভিসা ইস্যু করা হয়। এর চাইতে বেশি মেয়াদের ক্ষেত্রে একেক দেশ একেক ধরনের ভিসা ইস্যু করে থাকে।