২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হল উনবিংশতম অধিবেশন, সংসদ পেল নতুন ডেপুটি স্পিকার

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুকে নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত করেছে সংসদ।

শুরু হল উনবিংশতম অধিবেশন, সংসদ পেল নতুন ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ফাইল ছবি

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 08:14 PM

Updated : 28 Aug 2022, 08:14 PM

শুরু হল একাদশ জাতীয় সংসদের উনবিংশতম অধিবেশন; প্রথম দিনই আইনসভা পেল নতুন ডেপুটি স্পিকার।

রোববার বিকাল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশন চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।

অধিবেশনের শুরুতে স্পিকার প্রথমে সভাপতিমণ্ডলী ঠিক করেন। এবার অধিবেশনে সভাপতিমণ্ডলীর দায়িত্ব পালন করবেন- রফিকুল ইসলাম বীর উত্তম, আবুল হাসান মাহমুদ আলী, আব্দুল মজিদ খান, আনিসুল ইসলাম মাহমুদ, আয়শা ফেরদৌস।

এরপর ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন স্পিকার। ডেপুটি স্পিকার হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর নাম প্রস্তাব করেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। প্রস্তাব সমর্থন করেন সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

স্পিকার বলেন, “মাননীয় সদস্য শামসুল হক টুকু জানিয়েছেন তিনি নির্বাচিত হলে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন।”

প্রস্তাবটি তোলার পর স্পিকার পরে তা ভোটে দিলে কণ্ঠভোটে পাস হয়। একমাত্র প্রার্থী হওয়ায় টুকুর ডেপুটি স্পিকার হওয়ার পথে কোনো বাধা ছিল না। তারপরও নিয়ম অনুযায়ী পুরো আনুষ্ঠানিকতা সারেন স্পিকার।

স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে ওই সময় যদি সংসদের অধিবেশন থাকে, তবে ৭ দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। আর অধিবেশনে না থাকলে পরের অধিবেশনের প্রথম দিন নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সেজন্য রোববার অধিবেশনের শুরুতেই ডেপুটি স্পিকার নির্বাচন হয়।

২০১৯ সালের ৩০ জানুয়ারি ফজলে রাব্বী মিয়া একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। তার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসন শূন্য হয়।

ডেপুটি নির্বাচনের পর স্পিকার শোক প্রস্তাব তোলেন। প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা হয়।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে, সাবেক গণপরিষদ সদস্য এম আবু ছালেহ, সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মন্ডল, করিম উদ্দিন ভরসা, মোহাম্মদ শোয়েব, খোরশেদ আরা হকের মৃত্যুতে শোক প্রকাশ করে সংসদ।

জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক এনামুল হক, সংগীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলম খান, বীল মুক্তিযোদ্ধা আবু মুসা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা এটিএম শামসুল হক, মুকুল বোস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, অভিনেত্রী শর্মিলী আহমেদ, দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতেও শোক জানানো হয়।

এছাড়া পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে, উত্তরায় ক্রেন দুর্ঘটনায়, শ্রীমঙ্গলে টিলা ধসে, তুরস্কের গাজিয়ান্তেপ ও মারদিনে সড়ক দুর্ঘটনায়, আফগানিস্তানে বন্যায় এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের জন্যও শোক প্রকাশ করা হয়।

এদিকে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে রোববার সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৩৭টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৯৮৬টি প্রশ্নসহ এক হাজার ২৩টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৬২ তে মুলতবী প্রস্তাবের সংখ্যা একটি ও বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিস থাকছে ৩৬টি।

আগের অনিষ্পন্ন ১০টি বেসরকারি বিলের মধ্যে ১৭তম অধিবেশনে তোলা একটি বিল কমিটিতে পরীক্ষাধীন। এছাড়া ২৮ আগস্ট পর্যন্ত প্রাপ্ত ১২টি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ছয়টি, পাসের অপেক্ষায় তিনটি এবং উত্থাপনের অপেক্ষায় আছে তিনটি বিল।

কার্য উপদেষ্টা কমিটির সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন।

কমিটির সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল হক, বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ ও প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন।