Published : 26 Nov 2025, 01:45 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে লটারি করে এক দিনে দেশের ৬৪ জেলার পুলিশের নেতৃত্ব বদলে দিল অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ওই লটারি করে বদলির ভাগ্য চূড়ান্ত করা হয়েছিল। সে অনুযায়ী বুধবার ৬৪ জেলার নতুন পুলিশ সুপারদের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হল।
এই রদবদলে ঢাকার পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন মো. মিজানুর রহমান, যাকে এর আগে দিনাজপুরের এসপি হিসেবে বদলির আদেশ জারি হয়েছিল।
আর চট্টগ্রামের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে কুমিল্লার এসপির দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।
একই দিনে পৃথক আদেশে বিভিন্ন জেলার ১৩ জন পুলিশ সুপারকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এসব ইউনিটের মধ্যে রয়েছে এসবি, ডিএমপি, খুলনা রেঞ্জ, পিবিআই, সিআইডি, এপিবিএন।
এছাড়া পৃথক আদেশে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি এবং ঢাকা মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনারের (ট্রাফিক) জিললুর রহমানকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফল ঘোষণার পর ১৫ দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা যাবে না। পুলিশের ক্ষেত্রে ডিআইজি পদমর্যাদা পর্যন্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য।
তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনের কর্তৃত্ব নির্বাচন কমিশনের হাতে এলে সব ডিসি-এসপিকে একযোগে বদলির দাবি সম্প্রতি ইসির কাছে তুলে ধরে জামায়েতে ইসলাম। সেক্ষেত্রে প্রয়োজনে লটারির মাধ্যমে প্রশাসন ও পুলিশে বদলি করার পরামর্শ দেন দলটির নেতারা।
এমন পরিস্থিতিতে তফসিলের আগেই ৬৪ জেলার এসপি বদলে দিল সরকার।