Published : 18 Aug 2024, 05:44 PM
কোটা সংস্কার আন্দোলনকে ইঙ্গিত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালালে তা শক্ত হাতে মোকাবেলা করা হবে।
সোমবার আশুরার তাজিয়া মিছিল উপলক্ষে হোসাইনি দালান ইমামবাড়ার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সরকারি চাকরিতে নিয়োগে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানসহ ঢাকার বাইরেও অবস্থান কর্মসূচি, অবরোধ এবং গণপদযাত্রার মতো কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।
রোববার ঢাকায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়ে কোটা সংস্কারে দৃশ্যমান পদক্ষেপ নিতে সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন তারা।
এসব কর্মসূচির মধ্যে পুলিশের গোড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতসংখ্যক মানুষকে আসামি করে মামলাও হয়েছে।
২০১৮ সালে আন্দোলনের মুখে সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা তুলে দেয় সরকার। সেই পরিপত্র চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধাদের সাত জন সন্তান হাই কোর্টে গেলে সম্প্রতি সেই পরিপত্র অবৈধ ঘোষণা করে।
এর প্রতিক্রিয়ায় সেই পরিপত্র ফিরিয়ে আনা অর্থাৎ কোটা বাতিলের দাবিতে ফের আন্দোলন শুরু হয়, পরে অবশ্য তারা কোটা সংস্কারের দাবি তুলছে।
আপিল বিভাগ অবশ্য হাই কোর্টের রায়ে চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা দিয়েছে। আপিল বিভাগে শুনানিতে আন্দোলনকারীদেরও বক্তব্য রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এর মধ্যে হাই কোর্টের রায়ের যে বাস্তবায়নযোগ্য অংশ প্রকাশ পেয়েছে, তাতে বলা হয়েছে, সব কোটাই থাকতে হবে, তবে সরকার চাইলে কোটার হার পরিবর্তন করতে পারবে।
কোটা ব্যবস্থা নিয়ে আদালতের রায়ের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে এক প্রশ্নে ডিএমপি কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, “আদালতের নিয়ম মানতে আমরা সকলেই বাধ্য।
“পুলিশ আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখেই কাজ করে যাবে এবং যেকোনো ধরনের আইনশৃঙ্খলা ভঙ্গজনিত অপতৎপরতা আইন অনুযায়ী মোকাবেলা করা হবে।”
আশুরা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যে সকল ইমামবাড়া রয়েছে সেগুলোতে নিরাপত্তা দিতে পুলিশ পোশাকে এবং সাদা পোশাকে কাজ শুরু করেছে।
“ইন্সট্রুমেন্টাল চেকিং, ডগ স্কোয়াড দ্বারা সুইপিংয়ের পাশাপাশি অনুষ্ঠান শুরুর আগে যারা প্রবেশ করবেন তাদের আর্চওয়ে এবং অন্যান্য সুইপিংয়ের মাধ্যমে প্রবেশ করতে হবে।”
তাছাড়া ইমামবাড়ার আশপাশে যেসব উঁচু ভবন আছে সেখানও কড়া নজরদারি থাকবে বলে জানান তিনি।
তাজিয়া মিছিল ঘিরে কড়া পুলিশ পাহারা থাকবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, সিসি ক্যামেরা, সাইবার মনিটরিংসহ সব ধরনের নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে।
তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের ছুরি, চাকু, দাহ্য কোন পদার্থ বহনে বিরত থাকার অনুরোধ জানান তিনি।
একই সাথে তাজিয়া মিছিলে পতাকার লাঠি যেন বৈদ্যুতিক তারের সংযোগ না ঘটে সে ব্যাপারেও সতর্ক করেন পুলিশ কমিশনার।
অতীতে জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখেই আশুরার দিনের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানান তিনি।