২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায়: স্বরাষ্ট্রমন্ত্রী

“ভারতের কোনো অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন বা অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্ত (যেমন কাঁটাতার নির্মাণ) তাদের নিজস্ব বিষয়,” বলেন তিনি।

পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায়: স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2026, 09:14 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে লবণ চাষীদের জীবনমান উন্নয়ন সংক্রান্ত এক সভা শেষে একথা বলেন তিনি।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে তুলে ধরা হয়। 

সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে সাংবাদিকরা তার কাছ থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর সীমান্ত এলাকায় উত্তেজনা লক্ষ্য করার বিষয়ে জানতে চান। জবাবে মন্ত্রী বলেন, “সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভারতের কোনো অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন বা অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্ত (যেমন কাঁটাতার নির্মাণ) তাদের নিজস্ব বিষয়।”

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে দেড় মাসের মধ্যে প্রয়োজনীয় জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার।

সোমবার রাজ্য সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এমন প্রেক্ষাপটে এ বিষয়ক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলে। 

“কোনো নির্দিষ্ট অঙ্গরাজ্যের রাজনৈতিক পটপরিবর্তন বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব ফেলে না। সীমান্তে অনুপ্রবেশ রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সার্বক্ষণিক সজাগ রয়েছে।"

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী কথিত সংখ্যালঘু নির্যাতন ও এর প্রভাব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের বিষয়ে তিনি বলেন, “অনেক ক্ষেত্রে পুরাতন ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এখন পর্যন্ত এ ধরনের কোনো পরিস্থিতির সত্যতা বা নেতিবাচক প্রভাব বাংলাদেশে পড়ার মতো কোনো তথ্য স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই।"

তিনি জনগণকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

লবণচাষীদের সঙ্গে বৈঠকের বিষয়ে সালাহউদ্দিন বলেন, কৃষি মন্ত্রণালয় বর্তমানে লবণ চাষীদের উৎপাদন খরচ পর্যালোচনা করছে যাতে তারা পরিশ্রমের সঠিক মূল্য পান। দেশে শিল্প ও ভোজ্য লবণের চাহিদা নিরূপণ করে আমদানির যৌক্তিকতা যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, যথাযথ তথ্য-উপাত্ত সংগ্রহের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এমনভাবে সিদ্ধান্ত নেওয়া হবে যাতে দেশ লবণ উৎপাদনে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং চাষিরা ক্ষতিগ্রস্ত না হয়।

আরও পড়ুন

বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে বিএসএফকে জমি দিচ্ছে শুভেন্দু সরকার

কাঁটাতার দিয়ে বাংলাদেশকে 'ডরদেখানোর সুযোগ নেইশুভেন্দুর পাল্টা