Published : 23 Jun 2026, 01:58 PM
১১৫ দিন পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রার’ হরমুজ প্রণালি অতিক্রম করার ঘটনাকে বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন করছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি বলেন, “এটি বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত। সীমাহীন সাহসিকতা, সুনিপুণ নৌ-কৌশল এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের সার্বক্ষণিক দিকনির্দেশনায় বাংলার জয়যাত্রা এক চরম সংকটময় পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করেছে।
মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা কথা বলছিলেন।

জাহেদ উর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনা, যুদ্ধজনিত অস্থিরতা এবং দীর্ঘ অচলাবস্থা পেরিয়ে জাহাজটি আজ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আন্তর্জাতিকভাবে ঝুঁকিপূর্ণ হরমুজ প্রণালি সফলভাবে অতিক্রম করেছে। জাহাজটিতে কর্মরত ৩১ জন ক্রুর সবাই বাংলাদেশি নাগরিক। তারা যারা সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন আছেন বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৩টায় যানটি হরমুজ অতিক্রম করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশে শিপিং করপোরেশনের (বিএসসি) এমডি কমডোর মাহমুদুল মালেক। এর আগে সোমবার বাংলার জয়যাত্রা হরমজ পাড়ি দিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অনুমোদন পায় বলে জানিয়েছেন বিএসসির আরেক কর্মকর্তা।
প্রধানমন্ত্রীর চীন যাত্রা
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ও চীন যাত্রা নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, “তিনি আজ কুয়ালা লামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী সেখানে দুইদিন কর্মব্যস্ত সময় কাটাবেন। দালিয়ানের পর তিনি বেইজিং যাবেন। সেখানে চীনে প্রধানমন্ত্রীর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।”
মালয়েশিয়া সফরের সুনির্দিষ্ট অর্জন তুলে ধরে তিনি আরও বলেন, “প্রস্তাবিত মালয়েশিয়া-বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এমবিএফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। দুই দেশ ২০২৭ সালের মধ্যে চুক্তিটি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে।
“আরসিইপিতে (রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ) যোগদান এবং আসিয়ানের সঙ্গে সম্পৃক্ততা জোরদারে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে মালয়েশিয়া।”
গণপরিবহনে জিপিএস সংযুক্ত করা হবে
ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বরাত দিয়ে উপদেষ্টা বলেন, সরকার জনস্বার্থে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিতকরণের জন্য কিছু আদেশ জারি করেছে।
“প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্ত করা এবং গণপরিবহন পরিচালনার সময় সংযুক্ত জিপিএস বাধ্যতামূলকভাবে চালু রাখতে হবে।”
তথ্য উপদেষ্টা বলেন, “গণপরিবহনের ফিটনেস ইস্যু ও নবায়নের সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা-২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি ৫৫-তে বর্ণিত আইটেমসমূহ পরীক্ষার পাশাপাশি জিপিএস সংযুক্তকরণ নিশ্চিত হয়ে বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করতে হবে।”
আগামী ১ অগাস্ট থেকে এসব নির্দেশনা কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি।
১০ জেলায় রেল সংযোগ স্থাপনের সিদ্ধান্ত
রেলপথ সম্প্রসারণের মহাপরিকল্পনা নিয়ে জাহেদ উর রহমান বলেন, “দেশের ৬৪টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার লক্ষ্যে সরকার নতুন করে আরও ১০টি জেলায় রেল সংযোগ স্থাপনের চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “নতুন রেল সংযোগের আওতায় থাকা জেলাগুলো প্রধানত ঢাকা সংলগ্ন এলাকা এবং দেশের দক্ষিণাঞ্চলের ওপর ভিত্তি করে চিহ্নিত করা হয়েছে।”
জেলাগুলো হলো: শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর।”
রাজস্ব খাতের অর্জন সম্পর্কে তথ্য উপদেষ্টা বলেন, “চলতি অর্থ বছরের প্রথম ১১ মাসে অর্থাৎ ২০২৬ সালের মে পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের মোট রাজস্ব আদায়ের পরিমান ৩, লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা; যা একই সময়কালের অতীতের সবরেকর্ড অতিক্রম করেছে।
“২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ১১ মাসে ৩, লাখ ২৭ হাজার ৭৮৫ কোটি টাকা আদায়ের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ৩২ হাজার ৮৫৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরের একই সময়কালে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার ১০ দশমিক ০২ শতাংশ।”