Published : 25 Aug 2025, 05:51 PM
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ রোগী, যা নিয়ে চলতি বছর মোট ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ২৯ হাজার ৪৪ জনে।
সেইসঙ্গে এইডিস মশাবাহিত এ রোগটিতে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু নিয়ে এ বছর প্রাণহানি বেড়ে দাঁড়াল ১১৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর সোমবারের বুলেটিনে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর এই হিসাব তুলে ধরেছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন, কেবল তাদের তথ্যই তালিকায় যুক্ত করে সরকার। আক্রান্ত হয়েও যারা হাসপাতালে ভর্তি হন না, তাদের তথ্য তালিকায় আসে না।
দেশে এক বছরে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ভর্তি হয়েছিল।
ডেঙ্গুতে গত এক মারা যাওয়াদের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং একজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুজন পুরুষ, একজন নারী।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এছাড়া অগাস্ট মাসের ২৫ তারিখ পর্যন্ত ৩৫ জন, জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ১২২ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ৩০ জন এবং বরিশাল বিভাগে ১০২ জন দুই জন ভর্তি হয়েছেন।
চলতি বছর সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ জন হাসপাতালে ভর্তি হন জুলাই মাসে। জুন মাসে ৫ হাজার ৯৫১ জন, জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হন। অগাস্টের ২৪ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৬৪ জন রোগী।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৩০৯ রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৩৪ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় সে বছর।