ট্রাইব্যুনালে সাংবাদিকদের ‘সুবিচার’ হবে: আসিফ নজরুল
“আমরা এটুকু বলতে চাই বিচার হবে, তবে সেটা সুবিচার,” বলেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকের বিরুদ্ধে জমা পড়া অভিযোগের বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া ও ‘চুলচেরা’ বিশ্লেষণ করে প্রসিকিউশন টিম পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “আমাদের প্রসিকিউশন টিম আছে। এটা তো মন্ত্রণালয়ের কাজ না। প্রসিকিউশন টিম আইনের যথাযথ প্রক্রিয়া মেনে চুলচেরা বিশ্লেষণ করে পদক্ষেপ নেবেন। আমরা এটুকু বলতে চাই বিচার হবে, তবে সেটা সুবিচার।”
মঙ্গলবার সন্ধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা।
তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকার কী নির্মমভাবে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছিল। দিনে দিনে আমরা মৃতদের নতুন সংখ্যা পাচ্ছি, সংবাদ পাচ্ছি। হাজার হাজার মানুষের অঙ্গহানি ঘটেছে। গুরুতর আহত হয়েছেন, চিরদিনের জন্য বিকলাঙ্গ হয়ে গেছেন।
“বাংলাদেশ কেন, এই উপমহাদেশের ইতিহাসে এত বড় গণহত্যার নজির কোথাও নেই। পৃথিবীতেও এটা খুবই বিরল বলা চলে। সেই অপরাধের বিচার যেখানে হবে সেটা পরিদর্শন করেছি।”
আগামী ১ নভেম্বরের মধ্যে সংস্কার করা ভবনে বিচারকাজ শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসময় ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মুহাম্মদ তাজুল ইসলাম বলেন, “আমাদের বিচারকরা ইতোমধ্যে তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন। আগামীকাল সকাল ১১টায় বিচারিক প্রক্রিয়ায় তাদের আমরা ‘ফেলিসিটেট’ করব।
“কালকে (বুধবার) কোনো বিচারিক কার্যক্রম হবে না। কিন্তু পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টা থেকে ট্রাইব্যুনালের নিয়মিত বিচার কার্যক্রম শুরু হবে। সেই বিচারিক কার্যক্রমে প্রথম দিনেই আমাদের প্রসিকিউশনের যে পদক্ষেপ নেওয়ার কথা, সেগুলো আমরা শুরু করব।”
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচার করতে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়। এ আদালতের রায়ের পর চূড়ান্ত বিচার শেষে পাঁচ জামায়াত নেতা এবং এক বিএনপির নেতার ফাঁসিও কার্যকর করা হয়।
শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার এখন জুলাইয়ের ছাত্র আন্দোলনে সহিংসতা ও মৃত্যুর ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে বিবেচনা করে ওই ট্রাইব্যুনালেই বিচারের উদ্যোগ নিয়েছে।
ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগ সরকারের কর্তাব্যক্তিদের সঙ্গে অনেক সাংবাকিদের বিরুদ্ধেও অভিযোগ জমা পড়েছে।
এই তালিকায় সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির মোজাম্মেল বাবুসহ অনেকে রয়েছেন।
