Published : 03 Jun 2026, 01:59 PM
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানের মিৎসুই অ্যান্ড কোম্পানির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি দল।
বুধবার সকালে সচিবালয়ে এই সাক্ষাৎ হয় বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন।
তিনি বলেন, “প্রতিনিধি দলটি বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা ও সম্প্রসারণ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছে।”
চার সদস্যের প্রতিনিধি দলের ছিলেন নেতৃত্বে ছিলেন কোম্পানির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী ও ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো।
বাকি তিনজন হলেন, কোম্পানির এশিয়া প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো ও ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান।
সাক্ষাতের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি শাকিরুল ইসলাম খান ও অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং বলেছে, “বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও আইসিটিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা ও সম্প্রসারন নিয়ে আলোচনা হয়েছে।
“জাপানের প্রতিনিধি দলকে বলা হয়েছে, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশিদের বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেবে।”