২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটপাতের হকারদের থেকে পণ্য না কেনার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

“ডিএনসিসি সিদ্ধান্ত নিয়েছে, প্রধান সড়কে অটোরিকশা ও রিকশা চলতে পারবে না।”

ফুটপাতের হকারদের থেকে পণ্য না কেনার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
অঞ্চল-৭ আওতাধীন ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে বৃহস্পতিবার গণশুনানি ও মতবিনিময় সভা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2025, 12:47 AM

Updated : 26 Aug 2026, 12:35 PM

ব্যাটারিচালিত রিকশায় না চড়া এবং ফুটপাতের হকারদের থেকে পণ্য না কেনার আহ্বান জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

বৃহস্পতিবার বিকালে উত্তরা কমিউনিটি সেন্টারে এক গণশুনানিতে তিনি নগরবাসীকে এ আহ্বান জানান। গণশুনানিতে ডিএনসিসির অঞ্চল-৭ আওতাধীন ওয়ার্ডের বাসিন্দারা অংশগ্রহণ করেন।

মোহাম্মদ এজাজ বলেন, তিনি যত গণশুনানিতে যাচ্ছেন, সেখানে দুটি অভিযোগ পাচ্ছেন- ব্যাটারিচালিত রিকশা এবং ফুটপাত ও রাস্তার হকারদের যন্ত্রণা।

"সবাই বলছেন ব্যাটারিচালিত রিকশা বন্ধ করুন, কিন্তু আপনারাই আবার এতে চড়ছেন। আপনারা অবৈধ অটোরিকশায় চড়বেন না। আপনারা না চড়লে তারা নিরুৎসাহিত হবে।"

ঢাকার প্রতিটি এলাকায় বাজার থাকার পরও মানুষ ফুটপাত ও রাস্তার হকারদের কাছ থেকে কেনাকাটা করে।

"এটা না করে বাজার থেকে কেনাকাটা করুন। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জনগণের সহযোগিতা পেলে সমস্যা এই সমস্যা সমাধান করা সহজ হবে।"

মোহাম্মদ এজাজ বলেন, ডিএনসিসি সিদ্ধান্ত নিয়েছে প্রধান সড়কে অটোরিকশা ও রিকশা চলতে পারবে না। বুয়েট একটি নিরাপদ ব্যাটারিচালিত রিকশার ডিজাইন করছে। শুধু সেগুলোই রাস্তায় চলতে পারবে।

"ডিএনসিসি থেকে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, বুয়েট ডিজাইন করছে। এটি সফলভাবে সম্পন্ন হলে আমরা লাইসেন্স দিব। তখন শুধু সেই লাইসেন্স প্রাপ্তরা ঢাকার নির্দিষ্ট রোডে চলতে পারবে। প্রধান সড়কে কোনভাবেই অটোরিকশা চলাচল করতে পারবে না।"

গণশুনানিতে অন্যদের মধ্যে ডিএনসিসির অঞ্চল-৭ এর নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান ও অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন উপস্থিত ছিলেন।