ঢাকা মেডিকেলের ঘটনায় বিইউবিটি’র শিক্ষক-শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
ওসি বলেন, “মামলার সঙ্গে সিসিটিভি ভিডিও দেওয়া হয়েছে। সেগুলো যাচাই বাছাই করে প্রকৃত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসদের মারধরের ঘটনায় বাংলাদেশ ইউনিভার্সটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি- বিইউবিটি’র শিক্ষক এবং শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে।
হাসপাতালের অফিস সহায়ক আমির হোসেন (৫৩) রোববার শাহবাগ থানায় এ মামলা হয় বলে ওসি এ কে এম শাহাবুদ্দিন জানান।
বিইউবিটির শিক্ষক শাহরিয়ার অর্ণব ছাড়াও শিক্ষার্থী পলজয়, সহাব তুর্জ ও সাইমি নাজ শয়নের নাম উল্লেখ করে আরো ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে মামলায়।
ওসি বলেন, “মামলার সঙ্গে সিসিটিভি ভিডিও দেওয়া হয়েছে। সেগুলো যাচাই বাছাই করে প্রকৃত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
গত শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ২৫ বছর বয়সী এক যুবক। পরদিন সকালে তার মৃত্যু হয়। পরে পুলিশ জানতে পারে, ওই যুবকের নাম আহসানুল ইসলাম দীপ্ত।
বিইউবিটির শিক্ষার্থী দীপ্ত তার এক বন্ধুকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে মটরসাইকেলে করে মিরপুরের মেছে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরদিন তার মৃত্যু হয়।
দীপ্তর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিইউবিটির শিক্ষক এবং শিক্ষার্থীরা শনিবার বিকালে হাসপাতালে ছুটে যান এবং চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। এ পরিস্থিতিতে হাসপাতালে চরম উত্তেজনা দেখা দেয়।
মামলায় বলা হয়, বিকাল ৪টায় হঠাৎ করে নিউরোসার্জারি বিভাগের ২০১ নম্বর ওয়ার্ডের ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের চিকিৎসক আল মাশরাফিকে ৩০/৪০ জন ঘিরে ধরে বেধড়ক কিলঘুসি মারে এবং এক পর্যায়ে তার গায়ের অ্যাপ্রোন খুলে ফেলে দেয়। সে সময় চিকিৎসক ইমরান হোসেন এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।
মামলার বাদী আমির হোসেন অভিযোগ করেছেন, হামলাকারীরা তাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চিকিৎসক ইমরানকে টেনে হিচঁড়ে গায়ের পোশাক ছিঁড়ে হাসপাতালের পরিচালকের কক্ষে নিয়ে যায়।
এ ঘটনার পর ঢাকা মেডিকেলের চিকিৎসকরা আন্দোলেনে নামেন। তাদের কর্মবিরতির কারণে রোববার সকাল থেকে বন্ধ হয়ে যায় হাসপাতালের সব সেবা। এক পর্যায়ে তারা সারা দেশে কর্মবিরতির ডাক দেন। পরে স্বাস্থ্য উপদেষ্টার প্রতিশ্রুতিতে চিকিৎসকরা আপাতত কর্মবিরতি স্থগিত রাখার ঘোষণা দেন।
পুরনো খবর
