‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় শিক্ষককে বরখাস্তের আদেশ প্রত্যাহারের নির্দেশ
শিক্ষককে বরখাস্তের পরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এক আইনজীবী গত ২৮ অগাস্ট রিট আবেদনটি করেন।
নাটোরে শোক দিবসের একটি অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের আদেশ দিয়েছে হাই কোর্ট।
একইসঙ্গে নাটোর জেলা শিক্ষা অফিসারকে এ আদেশ বাস্তবায়ন করে আগামী ৭ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বশির আহমেদ। জেলা শিক্ষা অফিসারের পক্ষে ছিলেন অ্যাডভোকেট গাজী মোস্তাক আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
নাটোরের গুরুদাসপুর উপজেলায় শোক দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন দরিকাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমান। এরপর জেলা শিক্ষা অফিস তাকে বরখাস্ত করে।
গত ২২ অগাস্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম নবী স্বাক্ষরিত এক চিঠিতে এ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।
রাজনৈতিক দলের অনুষ্ঠানে যোগ দেওয়ায় এক এমপির নির্দেশে তাকে বরখাস্ত করা হয়েছে বলে গুরুদাসপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খ ম জাহাঙ্গীর হোসেনের ভাষ্য।
বরখাস্তের আগে শিক্ষক মাসুদুর রহমানকে কারণ দর্শানোর নোটিস দিলে তিনি দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে ওই শিক্ষকের জবাবের বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হলে তিনি সাময়িক বরখাস্তের আদেশ দেন।
পরে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে গত ২৮ অগাস্ট রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ।
শুনানি করে ওই সাময়িক বরখাস্তের আদেশ কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল দেয় হাই কোর্ট। একই সঙ্গে সাময়িক বরখাস্তের বিষয়ে ব্যাখ্যা জানাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবীকে ১৮ অক্টোবর আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।
শিক্ষা সচিব, নাটোরের জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
আরও পড়ুন
