সফর শেষে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ত্যাগ
ঢাকা থেকে মঙ্গোলিয়ার উদ্দেশে রওনা হয়েছেন চীনা মন্ত্রী।
দুই দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
রোববার বেলা পৌনে ১১টায় তিনি ঢাকা থেকে মঙ্গোলিয়ার উদ্দেশে যাত্রা করেন। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
চীনা পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।
পাশাপাশি নতুন করে আরও ১ শতাংশ বাংলাদেশি পণ্য ও সেবার শুল্কমুক্ত সুবিধা ছাড়ের প্রতিশ্রুতি মিলেছে; তাতে করে বাংলাদেশের ৯৯ শতাংশ পণ্য ও সেবা বিনাশুল্কে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশে প্রবেশাধিকার পাবে।
আর দু-এক দিনের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়ার কথাও জানানো হয়েছে বেইজিংয়ের তরফ থেকে।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টার দিকে ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে যান ওয়াং ই।
সেখানে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর জাদুঘর ঘুরে দেখেন চীনা মন্ত্রী, পরে পরিদর্শন বইতে সেই করেন।
সন্ধ্যায় সাড়ে ৭টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় তার সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দেশের বাইরে থাকায় নৈশভোজের আয়োজন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকাল সাড়ে ৭টায় হোটেল সোনারগাঁওয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের দ্বিপক্ষীয় বৈঠক হয়। পরে তাদের উপস্থিতিতে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা, কচা নদীর উপর নির্মিত সেতু হস্তান্তর, সাংস্কৃতিক বিনিময় চুক্তি নবায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেরিন সায়েন্সেস শিক্ষা বিষয়ে সহযোগিতার বিষয়ে এই চারটি দলিলে দুই দেশ স্বাক্ষর করেছে।
দ্বিপক্ষীয় বৈঠকে নতুন করে আরও ১ শতাংশ বাংলাদেশি পণ্য ও সেবার শুল্কমুক্ত সুবিধা দেওয়ার কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বেইজিংয়ের এ সিদ্ধান্তকে চীনা মন্ত্রীর সফরে বাংলাদেশের জন্য ‘সবচেয়ে বড় প্রাপ্তি’ হিসেবে দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের ক্রমবর্ধমান অর্থনীতি রপ্তানিনির্ভর। তার জন্য একটা সুসংবাদ।
“সেটি হচ্ছে ৯৮ শতাংশ আইটেমে (চীন) ডিউটি ফ্রি করেছিল। বাকি যে ২ পারসেন্ট, এটা সব সময় তাই হয় যে কোনো দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে, দেখা যায় এটাতে সবচেয়ে বেশি সেনসিটিভিটি ও গুরুত্ব থাকে। উনারা ১ সেপ্টেম্বর থেকে আরও অতিরিক্ত ১ শতাংশে ডিউটি ফ্রি সুবিধা দেবেন।”
করোনাভাইরাস মহামারীর কারণে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থীদের দু-একদিনের মধ্যে আবার চীন ভিসা দেওয়া শুরু করবে বলেও বৈঠকে চীনের তরফ থেকে জানানো হয়।
এ বিষয়ে শাহরিয়ার আলম বলেন, কোভিডের কারণে দীর্ঘদিন ধরে চীনে যাওয়ার সুযোগ বন্ধ ছিল। মহামারী শুরুর আগে বাংলাদেশের কয়েক হাজার শিক্ষার্থী সেখানে লেখাপড়া করতেন, যারা দেশে ফিরে আটকা পড়ে যান। এ বিষয়ে বাংলাদেশের তরফ থেকে নিয়মিত চীনের সাথে যোগাযোগ রাখা হচ্ছিল।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “দুয়েক দিনের মধ্যে চীনে ফেরত যাওয়ার জন্য শিক্ষার্থীদের ভিসা প্রদান করা শুরু হবে। এবং এক্ষেত্রে লজিস্টিকস এবং অন্যান্য বিষয়ে আমাদের সাথে আলোচনা হবে।
“তারা বলেছেন, আগামীকাল থেকে তারা ভিসা ইস্যু করা শুরু করবেন। একজনের জন্য ইতোমধ্যে ভিসা ও ট্র্যাভেল পারমিট দেওয়া হয়েছে।”
তাইওয়ান ঘিরে উত্তেজনা এবং বৈশ্বিক রাজনীতিতে নিজেদের অবস্থান বৈঠকে বাংলাদেশের কাছে তুলে ধরেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
শাহরিয়ার আলম বলেন, “তিনি (ওয়াং ই) বলেছেন, কিছু রাষ্ট্র আছে পৃথিবীতে, যারা একটু ভুল বোঝে বা চীনকে মিসইন্টারপ্রেট করে… তো, ওই বিষয়ে কথা হয়েছে কিছুটা।”
সেই ‘ভুল বোঝাবুঝির’ বিষয়ে আরও বিশদ জানতে চাইলে শাহরিয়ার আলম উত্তরে বলেন, যেহেতু দুই পররাষ্ট্রমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, এর কতটা তথ্য প্রকাশ করা হবে, চীন তা ঠিক করবে।
”এটাতো আমরা মোটামুটি জানি, যে ঘটনাগুলো এখন ঘটছে তাইওয়ানকে কেন্দ্র করে, চীনের নিজস্ব অবস্থান আছে… এক চীন নীতি, তাইওয়ান বিলংগস টু চায়না- সেক্ষেত্রে আন্তর্জাতিক নর্মস ফলো করা, এ বিষয়গুলো তারা আমাদের কাছে ব্যাখ্যা করেছেন, আমাদের কনভেনশনের জন্য।”
সকালে পররাষ্ট্র মন্ত্রী মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার পর গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্র মন্ত্রী। তার পরপরই তিনি মঙ্গোলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
