বাংলাদেশের প্রতি ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা
রাষ্ট্রদূত রামাদান বলেন, “বাংলাদেশ সরকার ফিলিস্তিনের বড় সহায়। অনেক বাংলাদেশি মানুষ খাবার ও ওষুধের জন্য টাকা পাঠাচ্ছেন।”
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের জনগণের অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান।
গাজার মানবিক সংকটের কথা তুলে ধরে তিনি বলেছেন, “খাবার নেই, ওষুধ নেই। শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।”
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। পরে প্রধান উপদেষ্টার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়বস্তু জানানো হয়।
রাষ্ট্রদূত রামাদান বলেন, “বাংলাদেশ সরকার ফিলিস্তিনের বড় সহায়। অনেক বাংলাদেশি মানুষ খাবার ও ওষুধের জন্য টাকা পাঠাচ্ছেন। আমাদের জনগণ জানে, এই সহায়তা বাংলাদেশ থেকে আসছে। আমরা সত্যিই কৃতজ্ঞ।”
তিনি ‘গ্রেটার ইসরায়েল’ মানচিত্র ঘোষণার নিন্দায় অন্যান্য মুসলিম দেশের সঙ্গে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
এ সময় তিনি বাংলাদেশের বাজারে আরও বেশি ফিলিস্তিনি পণ্য আমদানির বিষয়টি বিবেচনার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।
রাষ্ট্রদূত রামাদান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং সরকারের সর্বাত্মক সাফল্য কামনা করেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করে বলেন, “আমাদের জনগণ আপনাদের পাশে আছে। সরকার এ সহযোগিতা অব্যাহত রাখবে।”
আগামী দিনে আরও অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এবং শেষ পর্যন্ত একটি কার্যকর দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
