২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নামে প্রতারণা, ৬ জন গ্রেপ্তার

বাড্ডা থানার সাইবার সুরক্ষা আইনের এক মামলার তদন্তে নেমে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নামে প্রতারণা, ৬ জন গ্রেপ্তার
গ্রেপ্তার ছয়জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 10:10 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

বিনিয়োগের নামে অর্থ আত্মসাৎ এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন ও ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহর নাম-পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বাড্ডা থানার সাইবার সুরক্ষা আইনের এক মামলার তদন্তে নেমে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে বলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী তথ্য দিয়েছেন।

ওই ছয়জন হলেন- বাবলু ওরফে সূর্য (২৪), শাহিন (২১), তুষার মিয়া (২৫), আতিকুর রহমান ওরফে নিরব রানা (২০), লিখন ওরফে ইমন (২২) ও শাকিল রানা (৩০)।

ডিএমপি ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) বরাত দিয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, বাড্ডা থানার মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা বিভাগে হস্তান্তরের পর ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম অনুসন্ধান শুরু করে।

তদন্তে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, তারা অনলাইনে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগে উদ্বুদ্ধ করে। প্রতারণার জন্য তারা আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম, ছবি ও পরিচিতি ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেইসবুক পেজ খুলে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করে।

পুলিশ বলছে, প্রতারকরা বিভিন্ন প্রতিষ্ঠানের জনপ্রিয় ওয়েবসাইট ও ফেইসবুক পেইজের আদলে একই ধরনের ডোমেইন ও পেইজ তৈরি করে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করে। ওই সব ভুয়া প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে বিশ্বাস করে অনেকেই সেখানে দেওয়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে অর্থ পাঠাতেন। পরে সেই অর্থ আত্মসাৎ করা হত।

নিয়াজ মেহেদী বলেন, অনুসন্ধানে নেমে মঙ্গলবার সকালে আশুলিয়ার জিরানী বাজার এলাকার কাবাব প্লাজায় অভিযান চালিয়ে বাবলু ও শাহিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেদিন রাতেই জামালপুরের সরিষাবাড়ীর পিংনা এলাকায় অভিযান চালিয়ে তুষার, আতিকুর রহমান ও লিখনকে গ্রেপ্তার করা হয়।

এরপর বুধবার ভোরে গাজীপুরের কালিয়াকৈরের রাখালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে শাকিল রানাকে গ্রেপ্তার করা হয়।

নাম-পরিচয় ব্যবহার করে প্রতারণার বিষয়ে যোগাযোগ করা হলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের জুনিয়র এক্সিকিউটিভ পরিচয় দেওয়া রেজাউল করিম বলেন, এ ধরনের প্রতারণার বিষয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা অভিযোগ পেয়েছেন।

“প্রতারক চক্রগুলো শায়খ আহমাদুল্লাহর ভিডিও সম্পাদনা করে কিংবা এআইয়ের মাধ্যমে ভুয়া ভিডিও তৈরি করে প্রতারণা করছিল। বিষয়টি নিয়ে আমাদের পক্ষ থেকে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগও দেওয়া হয়েছিল।”