প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের অভিনন্দন
“চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে।”
প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া তারেক রহমানকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
ঢাকায় চীনের দূতাবাস মঙ্গলবার তাদের ফেইসবুকে এ তথ্য জানিয়েছে।
অভিনন্দনবার্তায় লি কিয়াং বলেন, চীন ও বাংলাদেশ প্রতিবেশী এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশীদার।
“দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের গত ৫১ বছরে পারস্পরিক শ্রদ্ধা, সমতা, পারস্পরিক লাভজনক সহযোগিতা এবং ‘উইন-উইন’ ফলাফলের ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন হয়েছে। যা রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ বিনিময়ের এক উৎকৃষ্ট উদাহরণ।
চীন সরকার বাংলাদেশের নতুন সরকারের কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার বিষয়ে সমর্থন জানায় বলে লিখেছেন চীনের প্রধানমন্ত্রী।
তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে লি কিয়াং বলেন, “দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদার করা এবং বিভিন্ন খাতে বিনিময় বাড়ানোর মাধ্যমে চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে।”
এর মাধ্যমে দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনা যাবে বলেও জানিয়েছেন চীনা প্রধানমন্ত্রী।
এদিন বিকালে দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান। এর মধ্য দিয়ে দুই দশক পর আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল বিএনপি। আর তিন দশক পর নতুন একজন রাজনীতিবিদকে প্রধানমন্ত্রী হিসেবে পেল বাংলাদেশ।
