১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার কানাডায় এনআইডি সেবা চালু

প্রবাসে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার উদ্যোগে যুক্ত হলেন কানাডা প্রবাসীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 09:21 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

কানাডায় প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দেওয়া শুরু হয়েছে।

টরেন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

এর মাধ্যমে প্রবাসে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার উদ্যোগে যুক্ত হলেন কানাডা প্রবাসীরা। এ নিয়ে ১০ দেশে থাকা বাংলাদেশি প্রবাসীরা ১৭টি মিশন অফিসের মাধ্যমে এ সেবার আওতায় এলেন।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান কানাডায় প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা দেওয়া হচ্ছে।

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপে এ কাজ শুরুর অনুমতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসি কর্মকর্তারা বলছেন, অক্টোবরে জর্ডান, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকায় এনআইডি সেবা চালুর জন্য প্রস্তুতিমূলক কাজ শুরু হচ্ছে। এ লক্ষ্যে কারিগরি ও প্রশাসনিক টিম যাচ্ছে সেখানে। এ দুটি টিমের সহযোগিতায় দূতাবাস ও মিশন অফিসে সংশ্লিষ্ট জনবলকে হাতে কলমে প্রশিক্ষণ, যন্ত্রপাতি স্থাপন, নেটওয়ার্ক প্রতিষ্ঠা ও প্রবাসীদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় হবে। এরপর এনআইডি ‘পার্সোনালাইজেশনের’ ‘টেস্ট অ্যান্ড ট্রায়াল’ করা হবে।

পর্যায়ক্রমে ৪০টি দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে ইসির।

প্রবাসীদের পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন অ্যাপ

বর্তমান ইসি পোস্টাল ব্যালটে ভোটিংয়ের মাধ্যমে প্রথমবারের মত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করছে।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ ব্রিফিংয়ে বলেন, “আউট অফ কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে আমরা দুটি প্ল্যাটফর্ম করছি। একটা হচ্ছে যে প্রবাসে বাংলাদেশি যারা আছেন এনআইডিধারী, তারা নিবন্ধন করবেন। আরেকটা হচ্ছে দেশের অভ্যন্তরে যারা আছেন, যারা নির্বাচনি কাজের সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত বা আইনি হেফাজতে আছেন, এই ক্যাটাগরির জন্য ‘ইনকান্ট্রি’ পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেমটা আমরা চালু করব। এজন্য অ্যাপটা তৈরি করা হচ্ছে বা এর প্ল্যাটফর্মটা তৈরি করা হচ্ছে।”

ইসি সচিব বলেন, “প্রবাসীরা এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন। আমাদের সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা আছে। এখন যদি বলেন কতদিন আগে তারা রেজিস্ট্রেশন করবেন, কতদিন পর্যন্ত তারা ভোটিংয়ের ব্যবস্থাটা করবেন, এটার যে ‘টেকনিক্যালিটিজ’ আছে, এটা আমরা যথাসময় আপনাদের আপডেট করে দেব, যাতে আপনাদের মাধ্যমে প্রবাসীরাও জানতে পারেন।”

আরও পড়ুন-

জাপানে এনআইডি সেবা চালু

 প্রবাসে এনআইডি সেবা: পরীক্ষামূলক কার্যক্রম এবার অস্ট্রেলিয়া ও কানাডায়

প্রবাসে এনআইডি সেবা: যুক্তরাষ্ট্রসহ আরও ৫ দেশে ভোটার নিবন্ধন শুরুর অনুমতি

১৬ বছর বয়সীরা এনআইডি পাবে: ইসি সচিব