Published : 29 Apr 2026, 10:43 PM
দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৮৮ রোগী।
ভাইরাসজনিত ছোঁয়াচে এ রোগে সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ জনের। এছাড়া হামের উপসর্গ নিয়ে ২২৭ জন মারা গেছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১০৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। আর ৭০ জন রাজশাহীতে।
বুলেটিনে বলা হয়েছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮ শিশুর হাম শনাক্ত হয়েছে। এ সময়ে ১ হাজার ৩১৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ৯৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৯৪ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ৮ জন ভর্তি হয়েছে রংপুরে।
সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৯৮০। এদের মধ্যে ৪ হাজার ৯৪৪ জনের হাম শনাক্ত হয়েছে।
এদিকে গত ২০ এপ্রিল থেকে সারাদেশে ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকাদানের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় আট বিভাগে এ পর্যন্ত ১ কোটি ৯ লাখ ২১ হাজার ৫৬১ জন শিশু টিকা পেয়েছে।
এ ছাড়া দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় ১৪ লাখ ২৪ হাজার ২৬১ জন শিশুর টিকা পাওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।