২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের সময় বাসায় ছিলাম, বের হইনি: সাবেক ছাত্রলীগ নেতা অজয় কর

“আমি আওয়ামী লীগের কোনো পদে ছিলাম না; নির্বাচনে মনোনয়ন চেয়েছিলাম, পাইনি,” আদালতে বলেন তিনি।

আন্দোলনের সময় বাসায় ছিলাম, বের হইনি: সাবেক ছাত্রলীগ নেতা অজয় কর
আদালতে অজয় কর খোকন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 09:04 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

গুলশান থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নব্বই দশকের ছাত্রলীগ নেতা অজয় কর খোকনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। 

বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালত শুনানি নিয়ে তার তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছে।

শুনানিতে অজয় কর নিজেকে নির্দোষ উপস্থাপন করে বলেন, “আমি ছাত্রলীগের নেতা থাকাকালে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। আমার দ্বারা কেউ কখনো অন্যায়ের শিকার হয়নি। আমার বিরুদ্ধে এত বছরেও কোনো মামলা হয়নি।

“জুলাই আন্দোলনের সময় আমি বাসায় ছিলাম। বাইরে বের হইনি। আমি আওয়ামী লীগের কোনো পদে ছিলাম না। নির্বাচনে মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু আমি মনোনয়ন পাইনি। আমি অসুস্থ।”

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৯৯৮-২০০২ মেয়াদে ‎সাধারণ সম্পাদক ছিলেন অজয়। দশম সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও পাননি।

আওয়ামী লীগ সরকার পতনের পর গুলশান এলাকা থেকে গত ২৩ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার আগে ২২ এপ্রিল গুলশান এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিলের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারের দুদিন পর, অর্থাৎ গত ২৫ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন তার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। সেই আবেদনের শুনানি হয়েছে বুধবার।

এদিন অজয়কে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী ওবাইদুল ইসলাম রিমান্ড আবেদনের বিরোধিতা করেন।

আইনজীবী ওবাইদুল ইসলাম বলেন, “এ মামলায় অজয় করের নাম এজাহারে ছিল না। সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার সঙ্গে উনার কোনো সম্পর্ক নেই।

“সাতটি কারণ দেখিয়ে তার রিমান্ড চাওয়া হয়েছে। কিন্তু একটি কারণও উনার সঙ্গে মিলে না। সিআরপিসিতে বলা হয়েছে, কোনো আসামিকে রিমান্ডে নিতে হলে সুনির্দিষ্ট কারণ থাকা লাগবে। উনি ২০০০ সালের পর কোনো দলের সঙ্গে যুক্ত হননি। অসুস্থ মানুষ। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করছি।”

শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ২২ এপ্রিল সকালে গুলশান-১ এর জব্বার টাওয়ারের পাশে ৩০/৩৫ জন ‘নিষিদ্ধঘোষিত’ সংগঠন ছাত্রলীগ ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ-মিছিল করেন। তারা সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটিয়ে স্লোগান দেন। পুলিশ সেখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে। কয়েকজন পালিয়ে যান। ওই ঘটনায় সেদিনই পুলিশ গুলশান থানায় মামলা করে।