২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রেডি টু কুক ফিশ’ কার্যক্রমে উপকার পাবে নারীরা: প্রধানমন্ত্রী

এ উদ্যোগের আওতায় মোট ৪০ প্রজাতির মাছ বিক্রি করছে সরকারি সংস্থাটি।

‘রেডি টু কুক ফিশ’ কার্যক্রমে উপকার পাবে নারীরা: প্রধানমন্ত্রী
গণভবনে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ‘রেডি টু কুক ফিশ’ এর প্যাকেট হস্তান্তর করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। ছবি: পিআইডি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2024, 11:20 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

কর্মব্যস্ত মানুষের সময় বাঁচাতে কাটা ও ধোয়ার পর মোড়কজাত করে রান্নার উপযোগী মাছ বিক্রি শুরু করেছে মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

’রেডি টু কুক ফিশ’ নামের একটি প্রকল্পের আওতায় এমন পদক্ষেপ নিয়েছ সরকারি সংস্থাটি। 

বৃহস্পতিবার গণভবনে রান্নার উপযোগী এমন কয়েকটি মাছের প্যাকেট  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, কাপ্তাই লেক থেকে ধরা মাছ ছিল এসব প্যাকেটে।

একই সঙ্গে গরুর দুধ আহরণের কাজে ব্যবহৃত একটি ‘মিল্কিং মেশিন’ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছে বিএফডিসি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় বলেন, "এ ধরনের কার্যক্রম, বিশেষত ‘রেডি টু কুক ফিস’ কার্যক্রমের ফলে কর্মজীবী মহিলারা অনেক উপকৃত হবেন।"

কর্মজীবী নারীদের রান্না সহজ করতে ‘রেডি-টু-কুক ফিশ’ বাজারজাত করা এবং বাজার সম্প্রসারণে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশও দিয়েছেন তিনি।

রান্নার জন্য প্রস্তুত করা মাছ বাজারে বিক্রির উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী মৎস্য উন্নয়ন করপোরেশনকে ধন্যবাদ দিয়েছেন। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলেছে, ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। মোট ৪০ প্রজাতির মাছ ‘রেডি টু কুক’ হিসেবে বিক্রি করা হচ্ছে। 

মোড়কজাত এসব মাছ বিক্রির তিনটি স্থায়ী ঠিকানা হল- রাজধানীর কারওয়ান বাজারে বিএফডিসি ভবনের মৎস্য বিতান, যাত্রাবাড়ীর মৎস্য অবতরণ কেন্দ্র ও চট্টগ্রাম মৎস্য বন্দর। 

এছাড়া ঢাকা শহরের ১৬টি স্থানে ভ্রাম্যমাণ ছয়টি হিমায়িত ভ্যানে এসব মাছ বিক্রি করছে মৎস্য উন্নয়ন করপোরেশন।

এগুলো হল: মিরপুর ডিওএইচএসের ২৭ নম্বর রোড, নেভি হেডকোয়ার্টার ও গুলশান (আজাদ মসজিদ-সংলগ্ন), সচিবালয়ের দক্ষিণ গেইট, মিরপুর ডিওএইচএস, স্বপ্ন নগর আবাসিক এলাকা, মিরপুর অপরাজিতা ভবন, ধানমন্ডি ৬ নম্বর, আজিমপুর কলোনি, ইস্কাটনের লেডিস ক্লাব ও সচিব কোয়ার্টার (বুধবার ও শনিবার), দুদক অফিস সংলগ্ন সেগুনবাগিচা, মতিঝিলের এজিবি কলোনি, ধানমন্ডির শংকর, মানিক মিয়া অ্যাভিনিউয়ে সেচ ভবন (শুক্রবার ও শনিবার), ধানমন্ডি ২৮ এবং মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল সংলগ্ন স্থান।

অনলাইন, ই-কমার্স প্ল্যাটফর্মেও ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ বিক্রি করা হচ্ছে। 

গণভবনে এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সেলিম উদ্দিন, বিএফডিসির চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুল হক, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।