রাজধানীতে চোর সন্দেহে নির্মাণ শ্রমিককে হত্যার অভিযোগ
পুলিশ কর্মকর্তা শেখ শাহানুর রহমান বলেন, এই ঘটনায় বাড়ির মালিকের ছেলে ইমরান হোসেন শুভকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর গুলশানে চোর সন্দেহে এক নির্মাণ শ্রমিককে মারধরের পর নির্মাণাধীন ভবন থেকে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গুলশানের নর্দা সরকার বাড়ি এলাকায় শাকিল (২৬) নামের ওই নির্মাণ শ্রমিককে নির্মাণাধীন ভবনে থেকে ফেলে দেওয়া হয়।
একেটি বেসরকারি হাসপাতালে দুইদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাত ১১টায় তার মৃত্যু হয়।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান বলেন, ঘটনার পর হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছিল। শ্রমিকের মৃত্যুর পর সেটি এখন হত্যা মামলা হিসাবে নথিভুক্ত হবে।
শাকিল পেশায় রাজমিস্ত্রি উল্লেখ করে তার ছোট ভাই হৃদয় মিয়া বলেন, তার ভাই নর্দা এলাকায় একটি নির্মাণাধীন সাত তলা ভবনে কাজ করতেন। পুরনো বিদ্যুতের তার চুরি করে বিক্রির অভিযোগ তুলে মালিকপক্ষের লোকজন তাকে মারধর করে ভবন থেকে ফেলে দেয়। এতে শাকিল গুরুতর আহত হন।
“প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউ সংকট থাকায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে তার মৃত্যু হয়।”
নেত্রকোনা সদর উপজেলার মারাকপুর গ্রামের আলেক মিয়ার ছেলে শাকিল নর্দা সরকার বাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
তার তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে জানিয়ে হৃদয় মিয়া বলেন, শাকিলের স্ত্রী বর্তমানে সন্তান সম্ভবা।
পুলিশ কর্মকর্তা শেখ শাহানুর রহমান বলেন, এই ঘটনায় বাড়ির মালিকের ছেলে ইমরান হোসেন শুভকে গ্রেপ্তার করা হয়েছে।
