১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চটপটির দোকানে ২৩৪ কোটি ঋণ: রেস্তোরাঁ ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

চটপটির দোকানে ২৩৪ কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগ অনুসন্ধানে ৪ সদস্যের একটি দল গঠন করা হয়েছে।

চটপটির দোকানে ২৩৪ কোটি ঋণ: রেস্তোরাঁ ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুদকের আবেদনে ব্যবসায়ী নাজমে নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2025, 04:40 PM

Updated : 26 Aug 2026, 11:54 AM

চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ নেওয়া রেস্তোরাঁ ব্যবসায়ী নাজমে নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী বলেন, দুদকের উপপরিচালক আফরোজা হক খান এই আবেদন করেছিলেন।

আবেদনে বলা হয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ (এস আলম গ্রুপের চেয়ারম্যান) ও অন্যদের বিরুদ্ধে চটপটির দোকানে ২৩৪ কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগ অনুসন্ধানে ৪ সদস্যের একটি দল গঠন করা হয়েছে।

দুদক বলছে, ব্যবসায়ী নাজমে নওরোজ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

অনুসন্ধান যাতে ব্যাহত না হয়, তাই তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করে দুদক।

এর আগে গত ১৫ জানুয়ারি চট্টগ্রামের নওরোজ এন্টারপ্রাইজের একটি চটপটির দোকান ও দুটি রেস্তোরাঁর বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৩৪ কোটি টাকা ব্যাংক ঋণ দেওয়ায় অনিয়মের অভিযোগে নাজমে নওরোজ ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।