২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ যোগাযোগ চুক্তি করতে যাচ্ছে বিমসটেক

সেপ্টেম্বরে থাইল্যান্ডে বিমসটেক শীর্ষ সম্মেলনে সই হবে এই চুক্তি।

নৌ যোগাযোগ চুক্তি করতে যাচ্ছে বিমসটেক
গুলশানে বিমসটেক সচিবালয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জোটের মহাসচিব ইন্দ্র মনি পান্ডে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2024, 07:41 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

নৌ যোগাযোগ তৈরিতে চুক্তি সই করতে যাচ্ছে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট ‘বিমসটেক’।

সোমবার গুলশানে বিমসটেক সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সংস্থার মহাসচিব ইন্দ্র মনি পান্ডে বলেন, সেপ্টেম্বরে থাইল্যান্ডে বিমসটেক শীর্ষ সম্মেলনে সই হবে এই চুক্তি।

শীর্ষ সম্মেলনের একটি তারিখ থাইল্যান্ড প্রস্তাব করেছে বলে জানিয়ে তিনি বলেন, সেটি এখন সদস্য দেশগুলোর অনুমোদনের অপেক্ষায় আছে।

মেরিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন বিষয়ক চুক্তিতে কী থাকছে, এমন প্রশ্নে বিমসটেক মহাসচিব বলেন, “যখন সদস্য দেশগুলো চুক্তি সই করবে, মূলত তখন আমরা চুক্তির বিস্তারিত প্রকাশ করব। তবে, এটুকু বলতে পারি, এটা নৌ যোগাযোগের সবদিক নিয়ে কাজ করবে।”

বিমসটেক শীর্ষ সম্মেলনের তারিখ শিগগির ঘোষণা করা হবে জানিয়ে ইন্দ্র মনি পান্ডে বলেন, “এখান থেকে খুব তাৎপর্যপূর্ণ ফলাফল আসবে। বিমসেটেকের জন্য ভবিষ্যৎ পথনির্দেশ ঠিক করবে এই শীর্ষ সম্মেলন।”

সেই পথনির্দেশের অংশ হিসেবে ‘ব্যাংকক ভিশন ২০৩০’ শীর্ষ সম্মেলনে গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 

প্রতিষ্ঠার প্রায় ২৭ বছর এসে গত মাসে বিমসটেক সনদ কার্যকর হতে শুরু করার প্রেক্ষাপটেও এবারের সম্মেলনের বেশ গুরুত্ব থাকার কথা তুলে ধরেন তিনি।

১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমসটেকের যাত্রা শুরু হয়।

শুরুতে কেবল বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এর সদস্য হলেও পরে মিয়ানমার, নেপাল ও ভুটান যোগ দেয়। ২০১৪ সালে ঢাকায় বিমসটেক সচিবালয় চালু করা হয়।

ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়াকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করেছে বিমসটেক; কাজ করছে সার্ক ও আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে আন্তঃআঞ্চলিক সহযোগিতার একটি সেতুবন্ধ হিসেবে।

দেশের ইংরেজি নামের আদ্যক্ষরের ভিত্তিতে বিমসটেকের সভাপতির দায়িত্ব পরিবর্তন হয়। ব্যাংকক শীর্ষ সম্মেলনের মাধ্যমে পরবর্তী সভাপতির দায়িত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ।

রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে জোটের ভূমিকার বিষয়ে এক প্রশ্নে বিমসটেক মহাসচিব বলেন, বিমসটেক অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার আঞ্চলিক জোট। এ ধরনের বিষয় সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে মেটানোর কথা।

তিনি বলেন, “বিমসটেকের নামই বলে দিচ্ছে এটার দৃষ্টি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে। দ্বিতীয়ত, গত শীর্ষ সম্মেলনে নেতারা নিজেরাই খুব ভালোভাবে এই এজেন্ডা ঠিক করেছেন। সুতরাং, সেটার আলোকে বিমসটেকের মধ্যে সহযোগিতার বিষয়ে আমরা দৃষ্টি দিই।

“আমার মতে, এটাই বিমসটেকের শক্তি। কেননা, এটা আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সদস্যগুলোকে যেসব বিষয়ে অগ্রগতি অর্জন করতে চায়, সেখানে একযোগে কাজ অব্যাহত রাখার জায়গা দেয়। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে থাকা ইস্যুগুলো, যেমনটা আপনি রোহিঙ্গা ইস্যুর কথা বলেছেন, আমি মনে করি সেসব ইস্যু তারা নিজেরাই মোকাবেলা করবে।”