Published : 02 Nov 2025, 04:50 PM
রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি বাড়ির নিচতলার গুদাম থেকে এক যুবক এবং এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে ওই বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে ঢাকা মহানগার পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সফিকুল ইসলাম জানান।
মারা যাওয়া যুবকের নাম সাইফুল ইসলাম, বয়স ২৪। ওই ভবনের পাশের ইবনে কাসীর ক্যাডেট মাদ্রাসায় দারোয়ানের কাজ করতেন তিনি । আর ওই নারী এলাকায় বাসা-বাড়িতে কাজ করতেন বলে স্থানীয়দের ভাষ্য।

সহকারী কমিশনার সফিকুল ইসলাম বলেন, ৭-৮ দিন আগে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
"বাড়িওয়ালার নাম আতিক। বেশ কিছু দিন আগে স্ত্রী মারা যাওয়ায় তিনি গ্রামের বাড়িতে যান। সেখান থেকে গতকাল ফিরে বাসাবাড়ি পরিষ্কার করতে গিয়ে পচা গন্ধ পান। পরে খুঁজে বেশ কয়েকটি মরা ইঁদুর দেখে তা ফেলে দেন।
“সকালে উঠে আবারও গন্ধ পেয়ে খোঁজাখুজি করতে গিয়ে বাসার নিচতলায় গোডাউনে দুজনের মরদেহ দেখে তিনি পুলিশে খবর দেন।"
এই পুলিশ কর্মকর্তা বলেন, “লাশগুলো গলে যাওয়ায় শরীরে কোনো ক্ষত ছিল কিনা তা বোঝার উপায় নেই। কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।”