আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে খলিলুর রহমান
এমন সময়ে দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসলেন, যখন নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে জাতিসংঘ।
সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের একাশিতম সাধারণ অধিবেশনের সভাপতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
মঙ্গলবার আবুধাবিতে হওয়া এ বৈঠকে জাতিসংঘসহ বহুপক্ষীয় পরিসর এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হওয়ার কথা বলেছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিন ঢাকায় আরব আমিরাত দূতাবাসের ফেইসবুক পাতায়ও তাদের বৈঠকের খবর ও ছবি প্রকাশ করা হয়েছে।
আমিরাত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জাতিসংঘ সাধারণ অধিবেশনের আলোচ্যসূচির পাশাপাশি আন্তর্জাতিক সংস্থায় যৌথ সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা।
একইসঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের জন্য বহুপক্ষীয় পদক্ষেপকে সমর্থনের উপায় নিয়েও তাদের আলোচনা হওয়ার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।
এমন সময়ে বৈঠকে বসলেন দুই পররাষ্ট্রমন্ত্রী, যখন পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে জাতিসংঘ।
আর আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে ছুটি নিয়ে বৈশ্বিক সংস্থাটির সর্বোচ্চ নির্বাহীর ওই পদে যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন লানা নুসাইবাহ।
জাতিসংঘে নিরাপত্তা পরিষদের সুপারিশ পেরিয়ে সাধারণ পরিষদে প্রস্তাব পাসের মধ্য দিয়ে ঠিক হবে পরবর্তী মহাসচিবের নাম। আর সাধারণ পরিষদের সভায় সভাপতিত্ব করবেন খলিলুর রহমান।
সুপারিশপ্রাপ্ত হিসেবে সাধারণ পরিষদে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত নয়টির ভোট পেতে হবে এবং স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রের মধ্য থেকে কারও ভিটো থাকা যাবে না।
এ পর্যন্ত নয়বার ভোট হলেও প্রার্থী সুপারিশের বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেনি নিরাপত্তা পরিষদ। সর্বশেষ ভোটে যুক্তরাজ্য এবং ফ্রান্স নুসাইবাহর বিরুদ্ধে ভোট দেওয়ার খবর শুক্রবার দিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।
প্রার্থিতা ঘোষণার শেষ সময়ে এসে অক্টোবরে মহাসচিব পদে প্রার্থিতার ঘোষণা দেন লানা নুসাইবাহ। এরপর জাতিসংঘে আরব আমিরাতের স্থায়ী প্রতিনিধি থাকার সময়ে তার ভূমিকার কথা তুলে ধরে এই পদে তার প্রার্থিতা নিয়ে সমালোচনা হচ্ছে।
এবারের নির্বাচনে প্রার্থীর সংখ্যা ছয় জন। নিরাপত্তা পরিষদের সর্বশেষ ভোটের এগিয়ে ছিলেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান।
সুদানে চলমান হত্যাযজ্ঞে আমিরাতের সম্পৃক্ততার বিষয়ে এবং গাজায় ‘গণহত্যার’ মধ্যেও ইসরায়েলের পক্ষে তার সাফাই গাওয়ার অভিযোগ করে আসছেন সমালোচকরা।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার কথা তুলে ধরে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ ও আরব আমিরাতের সম্পর্ক এবং সহযোগিতার পথ নিয়ে আলোচনা করেছেন তারা।
বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ককে গতিশীল ও উন্নত করার, উভয় দেশের অভিন্ন স্বার্থ রক্ষার এবং তাদের জনগণের মঙ্গলের উপায় নিয়েও তাদের আলোচনা হওয়ার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার এবং দুদেশের উন্নয়ন ও সমৃদ্ধিকে সমর্থন করে এমন যৌথ সহযোগিতার পথ বিস্তৃত করার বিষয়ে আরব আমিরাতের অঙ্গীকার ব্যক্ত করেন আব্দুল্লাহ বিন জায়েদ।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময়ন করেছেন।
আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশেমি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাঈদ বিন মুবারাক আল হাজেরি অংশ নেন বৈঠকে।
