২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বুমধাত্রী কার্মেন বাল্সেল্সের মহাপ্রয়াণ

রাজু আলাউদ্দিন

Published : 23 Sep 2015, 01:15 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

বুম সাহিত্যের অন্যতম হোতা, গাবো-ভার্গাস ইয়োসা-নেরুদা সহ মোট ছয়জন নোবেল বিজয়ী হিস্পানিক লেখকের এজেন্ট কার্মেন বাল্সেল্স ওরফে "মামা গ্রান্দে" ৮৫ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুতে শোকবাণী রেখেছেন বাল্সেল্স-এর অন্যতম প্রিয় বন্ধু ও ক্লায়েন্ট নোবেলবিজয়ী লেখক মারিও ভার্গাস ইয়োসা। স্পেনের উপন্যাসিক হুয়ান মার্সে-ও লিখেছেন অল্প কথায়।
মারিও বার্গাস যোসা তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন: সংবাদটা আমার কাছে বজ্রপাতের মতো, তিনদিন আগেও তার সাথে কাজ করছিলাম, একসঙ্গে নৈশাহারে যোগ দিয়েছিলাম। তিনি ছিলেন সবসময় প্রাণবন্ত, মাথাভর্তি নানান পরিকল্পনা, ছিলেন বাস্তববাদী। মনে হতো তিনি বুঝি চিরকাল বেঁচে থাকবেন। কিন্তু তার শরীর আসলেই ভেঙে পড়েছিল। … কার্মেন আমাদের ভাষার লেখক ও প্রকাশকদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বিরাট পরিবর্তন এনে স্প্যানিশ সাংস্কৃতিক জীবনে বিপ্লব ঘটিয়েছেন। তার কারণেই স্প্যানিশ ভাষার লেখকরা মর্যাদাপূর্ণ চুক্তি ও সম্মানজনক স্বত্বাধিকার দেখতে শুরু করেছিলাম। অন্যদিকে, তিনি স্পানঞা ও লাতিন আমেরিকার প্রকাশকদেরকে ক্ষুদ্র গণ্ডী থেকে বের করে আধুনিক ও উচ্চাশী করে তুলেছিলেন নানাভাবে।

তাছাড়া, তিনি লেখকদের এজেন্ট বা প্রতিনিধির চেয়েও বেশি কিছু ছিলেন। তিনি আমাদের দেখভাল করতেন, আদর করতেন, ভর্ৎসনা করতেন, শাসন করতেন, আমাদেরকে বুঝাতেন, স্নেহ করতেন। …প্রিয়তমা কার্মেন, বিদায়।"
লেখার জগতে কার্মেন প্রথম পরিচিত করিয়ে দেন স্পেনের লেখক লুইস গইতিসোলোকে। এরপর তিনি একের পর এক পাবলো নেরুদা, গাবরিয়েল গার্সিয়া মার্কেস, মারিও বার্গাস যোসা, হুলিও কোর্তাসার, মিগেল দেলিবেস, আলবারো মুতিস, কামিলো হোসে সেলা, বিসেন্তে আলেইজান্দ্রে, গনসালো তররেন্তে বাইয়েস্তার, হুয়ান কার্লোস ওনেত্তি, হুয়ান গইতিসোলো, হুয়ান মার্সে, ইসাবেল আইয়েন্দে প্রমুখ।


মার্কেস, মার্সে, ওনেত্তি প্রমুখ তাকে উৎসর্গ করেছেন বই। ম্যাক্স আইয়ুব, বাসকেস মন্তালবান, হোসে দোনোসো এবং কার্লোস বাররাল-এর মতো লেখকরা তাদের গ্রন্থে কার্মেনকে হাজির করেছেন চরিত্র হিসেবে।
একবার মার্কেস তাকে ফোন করে জিজ্ঞেস করলেন, "কার্মেন, তুমি কি আমায় ভালোবাস?" উত্তরে কার্মেন বললেন, "আমি এর উত্তর দিতে পরবো না, আমার আয়ের এক তৃতীয়াংশ আসে তোমার কাছ থেকে।"

এক অর্থে কার্মেন ছিলেন বহু লেখকের ধাত্রী, বিশেষ করে বুম লেখকদের ক্ষেত্রে।