২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রতিক সাহিত্য সংবাদ

monir_yusuf

Published : 23 Jul 2013, 02:54 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

প্রকাশকদের উদ্যোগে হুমায়ূন স্মরণ-সভা
২০শে জুলাই শনিবার বিকেল ৪টা ৩০ মিনিট। ১৪টি প্রকাশনা সংস্থার যৌথ উদ্যোগে বেঙ্গল ফাউন্ডেশন-এর সহযোগিতায় ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে বাংলাদেশের সাহিত্যের ইতিহাসে ঘটে গেল এক ব্যতিক্রমী ঘটনা। বাংলাদেশে এতো অধিক প্রকাশনা সংস্থা এক সঙ্গে আর কোনো লেখকের মৃত্যুবার্ষিকী পালন করেছে বলে আমাদের জানা নেই। এরা মূলত তাঁর বইয়েরই প্রকাশক। হুমায়ূন আহমেদ এদিক থেকেও মৃত্যু-পরবর্তী আরেকটি অধ্যায়ের জনক হয়ে রইলেন। বরাবরের মতো সব ধরনের মিডিয়ার সরব উপস্থিতিও লক্ষ্যযোগ্য ।

শিল্পের বরপুত্র হুমায়ূন আহমেদ। বেঙ্গল শিল্পালয়ের গ্যালারির দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছিলো হূমায়ূন আহমেদের বিভিন্ন ভঙ্গিমার আলোকচিত্র। কত বিচিত্র মুহূর্তের ছবিতে ধরা পড়ে আছেন কত বিচিত্র হুমায়ূন আহমেদ। তিনি নেই, তবু তার আলোকিত উপস্থিতি সহজেই অনুভবযোগ্য। আলোচকরা পর্যায়ক্রমে হুমায়ূন আহমেদের বণার্ঢ্য জীবনের নানান বিষয় নিয়ে কথা বললেন। হুমায়ূনের মানবিক ঐশ্বর্যের নান্দনিক বিষয়গুলিও উঠে এলো তাঁদের জবানীতে। উঠে এলো পারিবারিক সম্পর্কের বিষয়গুলোও। আলোচনায় অংশ গ্রহণ করলেন এমেরিটাস প্রফেসর আনিসুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, প্রবীণ সাংবাদিক সালেহ চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, কবি-বন্ধু মুহম্মদ নূরুল হুদা, অধ্যাপক শফী আহমেদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক পরিষদের পক্ষে মফিদুল হক, প্রকাশকদের পক্ষে অবসর ও প্রতীক প্রকাশনার কর্ণধার আলমগীর রহমান, কথাশিল্পী নাসরীন জাহান, কথাশিল্পী আনিসুল হক, কবি হাসান হাফিজ প্রমুখ।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বহুমুখী প্রতিভা ও সৃজনশীলতার অধিকারী হুমায়ূন আমাদেরকে ব্যতিক্রমী স্বাদের গল্প, উপন্যাস, নাটক, ভ্রমণকাহিনী, চলচ্চিত্র, ছবি ও গান দিয়ে গেছেন। তাঁর জনপ্রিয়তা ভিত্তিহীন নয়। তাঁর সব কাজ নতুনভাবে বিশ্লেষণ ও ব্যাখ্যা করার দায়িত্ব আমাদের। তাঁর অকাল মৃত্যুতে আমরা শোক প্রকাশ করেছি। যতই দিন যাবে ততই আমরা তাঁকে আনন্দ ও ভালোবাসার সঙ্গে স্মরণ করতে পারব।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, হুমায়ূনের শিক্ষার প্রতি বিশেষভাবে অনুরাগী ছিলেন। এ প্রসঙ্গে তিনি হুমায়ূন কর্তৃক প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠের কথা উলে¬খ করেন। এটি এখন পর্যন্ত এমপিওভুক্ত না হওয়ায় তিনি গভীর হতাশা ব্যক্ত করেন।

প্রবীণ সাংবাদিক সালেহ চৌধুরীর মতে হুমায়ূনের কর্ম ও কীর্তিসমূহ সংরক্ষণ অবিলম্বে শুরু করা জরুরী। এ-জন্য একটি আর্কাইভ গড়ে তোলা অত্যাবশ্যক। প্রকাশকদেরকে তিনি হুমায়ূনের বইগুলো যথাসম্ভব নির্ভুলভাবে প্রকাশ করার পরামর্শ দেন।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ভোরের কাগজ থেকে শুরু করে প্রথম আলো-র হাল-আমল পর্যন্ত হুমায়ূন আহমেদ সবসময়ে তাঁদের সঙ্গে ছিলেন। গল্প, উপন্যাস, সাক্ষাৎকার ছাড়াও তিনি সমাজ, দেশ ও রাজনীতি নিয়েও ছোট-বড় নানা রচনা লিখেছেন। এগুলো তারা গুরুত্ব সহকারে প্রথম পৃষ্ঠায় বা শেষ পৃষ্ঠায় ছেপেছেন। গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সৃষ্টিশীল হুমায়ূন বরণ করেছেন জাতীয় বীরের মৃত্যু।

কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, কেবল স্মৃতিচারণ নয়, হুমায়ূনের কর্ম, স্বপ্ন ও আরদ্ধ কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের। তাঁর পরিবারের সংশ্লিষ্ট সদস্যদের পাশাপাশি জাতিকেও এগিয়ে আসতে হবে তাঁর আরদ্ধ কাজকে সম্পন্ন করার জন্যে। তিনি নুহাশপল্লীকে হুমায়ূনের স্মৃতি রক্ষা ও হুমায়ূন চর্চার আদর্শ কেন্দ্র হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এ-জন্যে যথা শীঘ্র সম্ভব একটি বাস্তবায়ন কমিটি গঠনেরও প্রস্তাব করেন তিনি।

সমকাল সম্পাদক গোলাম সারওয়ার কবি নূরুল হুদার বক্তব্য সমর্থন করেন এবং হুমায়ূন চর্চাকেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দেন। উপরন্তু, তিনি তাঁর বই এবং অন্যান্য কাজের যথাযথ রয়্যালটি যেন তাঁর পরিবার পায় সেই বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের মতে বিভিন্ন টিভি চ্যানেলে তাঁর অনেক নাটক ছড়িয়ে ছিটিয়ে আছে। সেগুলো সংরক্ষণ করা এবং হুমায়ূনকে নতুনভাবে আবিষ্কার করার উদ্যোগ নেয়া জরুরী।

অধ্যাপক শফী আহমেদ বলেন, হুমায়ূন আমাদের মাঝে এখনো আছেন, তিনি ভবিষ্যতেও থাকবেন। তার এই উপস্থিতি বিস্ময়কর। আবেগতাড়িত না হয়ে তাঁর সৃষ্টি নিয়ে গভীর বিশ্লেষণ ও নিরাসক্ত গবেষণা করা অত্যাবশ্যক।

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক পরিষদের পক্ষে মফিদুল হক বলেন, বাংলাদেশের প্রকাশনা জগতে হুমায়ূন একটি স্পষ্ট বিভাজন রেখা। তাঁর আবির্ভাবের আগের ও পরের জগৎ সম্পূর্ণ আলাদা। তিনি মানুষের প্রতি অসাধারণ দরদ, নতুন দৃষ্টিভঙ্গি, সাহিত্যের ভাষাকে মানুষের মুখের ভাষার কাছাকাছি নিয়ে যাওয়া ইত্যাদির মাধ্যমে যে বিশাল পাঠকগোষ্ঠী সৃষ্টি করেছেন, তা কেবল বাংলা সাহিত্যে নয়, বিশ্বসাহিত্যেই বিরল।

প্রকাশকদের পক্ষে অবসর ও প্রতীক প্রকাশনার কর্ণধার আলমগীর রহমান বলেন, হুমায়ূন আহমেদের স্মৃতি রক্ষার জন্য রাজধানীর একটি বড় সড়ক, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাস কিংবা বাংলা একাডেমী ও জাতীয় গ্রন্থাগারের একটি কক্ষের নামকরণ করা যেতে পারে।

কথাশিল্পী আনিসুল হক বলেন, হুমায়ূন বর্তমান প্রজন্মের তথা আমাদের সকলের অভিজ্ঞতার অংশ। তাঁর চলে যাওয়া সহজে মেনে নেয়া যায় না।

আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুনের ক্যামেরায় তোলা গ্যালারির ছবিগুলো । মামুন বলেন, হুমায়ূন আহমেদ ছিলেন সহজ সরল অনাড়ম্বর মানুষ। তিনি বেঁচে থাকবেন তাঁর কর্মের অনির্বচনীয়তার মধ্যে।
প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, তাঁর কোনো কিছুই হারিয়ে যেতে দেয়া যায় না। সবাই মিলে হুমায়ূনের স্মৃতিরক্ষার উদ্যোগ নেওয়া জরুরী।

লেখকের ছোট ভাই আহসান হাবীব বলেন, হুমায়ূনের তিরোধানের পর গোটা জাতির অভূতপূর্ব ভালোবাসা তাদের পরিবারকে শক্তি ও সাহস যুগিয়েছে। তারা সকলের কাছে কৃতজ্ঞ।

দুই ছেলে নিষাদ ও নিনিতকে সঙ্গে নিয়ে এসেছিলেন হুমায়ূনের স্ত্রী শাওন। শাওন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা যেভাবে তাঁর কথা আলোচনা করলেন তাতে আজকের দিনটি আমার খুব ভালো কেটেছে। আমার শুধু হুমায়ূন সম্পর্কে কথা শুনতেই ভালো লাগে। আমরা বাংলা ভাষাভাষীরা সৌভাগ্যবান যে একজন হুমায়ূন আহমেদ আমাদের মধ্যে ছিলেন। তিনি হুমায়ূনের বইগুলো ইংরেজিসহ বিদেশি ভাষায় অনুবাদ করে অন্য ভাষাভাষীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রকাশদের অনুরোধ করেন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অন্যপ্রকাশের পরিচালক আবদুল্লাহ নাসের। অনুষ্ঠান শেষে ইফতারির আয়োজন ছিল।


কবি খোন্দকার আশরাফ হোসেন স্মরণসভা

২০ জুলাই, শনিবার সকাল ১১ টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার মিলনায়তনে গুরুগম্ভীর নান্দনিক পরিবেশে অনুষ্ঠিত হলো কবি-অনুবাদক-সমালোচক-সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের আমৃত্যু উপাচার্য খোন্দকার আশরাফ হোসেনের মরণোত্তর 'স্মরণসভা' ।

উল্লেখ্য, গত ১৬ জুন, ২০১৩ তারিখে হঠাৎ করে মৃত্যুবরণ করেন আশির দশকের অন্যতম প্রধান কবি খোন্দকার আশরাফ হোসেন। তাঁর বেশ কয়েকটি কাব্য ও প্রবন্ধগ্রন্থ বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রকাশিত হয়েছে। তাঁর সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে তিন রমণীর কাসিদা, পার্থ তোমার তীব্র তীর, জীবনের সমান চুমুক, সুন্দরী ও ঘৃণার ঘুঙুর, যমুনা পর্ব, জন্ম বাউল প্রভৃতি। দেশি-বিদেশি খ্যাতনামা জার্নালে তাঁর প্রায় ২০টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি আলাওল সাহিত্য পুরস্কার, জীবনানন্দ পুরস্কার, পশ্চিমবঙ্গ লিটল ম্যাগাজিন পুরস্কার ইত্যাদি লাভ করেন।

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে খোন্দকার আশরাফ হোসেনের স্মৃতিচারণ করেন বিদ্ধগ্ধ বুদ্ধিজীবী, কবি ও কবি খোন্দকার আশরাফ হোসেনের অনুজপ্রতিম কাব্যসারথীরা। তিন পর্বে বিভক্ত স্মরণসভায় প্রথমে কবির এ্যালবাম থেকে তাঁর যাপিত জীবনের স্মৃতিবাহী বিভিন্ন ছবি নিয়ে স্লাইড শো প্রদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাংস্কৃতিক সংগঠন 'কৃষ্ণচূড়া'। তারপর পরিবেশিত হয় সঙ্গীত। সঙ্গীত শেষে শুরু হয় স্মৃতিচারণ । এই পর্বে অংশ নেন অধ্যাপক আহসানুল হক, কবি বেলাল চৌধুরী, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, কবি মুহম্মদ নূরুল হুদা, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, কবি সৈয়দ তারিক, কবি শোয়েব শাহরিয়ার, লোকসম্পাদক কবি শামীমুল হক শামীম, কবি শামীম রেজা, কবি দাউদ আল হাফিজ ও কবি খোন্দকার আশরাফ হোসেনের জামাতা ড. জুবায়ের প্রমূখ।

বক্তারা খোন্দকার আশরাফ হোসেনের জীবন ও কর্ম এবং মানুষের প্রতি তাঁর যে অঙ্গীকার তা নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন। সভাপতির ভাষণে প্রফেসর চৌধুরী বলেন, খোন্দকার আশরাফ তাঁর প্রিয় ছাত্রদের অন্যতম। তিনি যথার্থই তাঁকে সনাক্ত করতে পেরেছিলেন। তার ভিতর পাণ্ডিত্য, প্রজ্ঞা ও সৃষ্টিশীলতার অপূর্ব সমাবেশ ঘটেছিলো। তার শূন্যস্থান সহজে পুরণ হবার নয়।

প্রফেসর আহসানুল হক বলেন, খোন্দকার আশরাফ তার দেখা এক অধ্যবসায়ী ও সৃজনশীল মানুষ। তিনি তাঁর এই অকালপ্রয়াত প্রিয় ছাত্রের জন্যে গর্বিত।
অধ্যাপক আবদু্ল্লাহ আবু সায়ীদ বলেন, এই যে আশরাফ চলে গেল তার এই শূন্যতা কিভাবে পূরণ হবে? কে পারবে তার দায়িত্ব পালন করতে? মানুষতো তৈরি হচ্ছে না। তৈরি মানুষগুলোই চলে যাচ্ছে।

কবি নূরুল হুদা তাঁকে উত্তরাধুনিক না বলে বরং সবসময়কার আধুনিক বা অব্যাহত আধুনিকবাদী কবি হিসেবে শনাক্ত করেন। তিনি কবির নিরন্তর নিরীক্ষা ও নবায়নপ্রবণতার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন, আশরাফ তার রচনায় একটি নিজস্ব মুদ্রা সংযুক্ত করতে চেয়েছিলেন।

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, খোন্দকার আশরাফ ছিলেন নিবিষ্ট পাঠক। তিনি ইংরেজি সাহিত্যে নিজের মতো করে একটা অধিকার আদায় করে নিয়েছিলেন। আধুনিকতাকে তিনি মানবিকতা আবিষ্কারের এক মৌলিক সত্য হিসেবে ধরে নিয়েছিলেন। কিন্তু তিনি আধুনিকতার কোনও একটি রূপকে স্থির বলে ভাবেননি। স্মৃতিচারণের মাঝে মাঝে কবিতা আবৃত্তির ফলে স্মরণসভা আরো প্রাণবন্ত হয়ে ওঠে।

এই অনুষ্ঠানে শাহবাগভিত্তিক আড্ডাবাজ তরুণ কবিদের উপস্থিতি ছিল উল্লেখ্যযোগ্য। এটি খোন্দকার আশরাফ হোসেনের প্রতি তাদের স্বতঃস্ফূর্ত ভালোবাসার প্রকাশ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন 'খোন্দকার আশরাফ হোসেন স্মরণসভা আয়োজক কমিটি'-র প্রধান কবি-অধ্যাপক কাজল বন্দ্যোপধ্যায়।


সমুদ্র গুপ্ত স্মারক-গ্রন্থ

১৯ জুলাই শুক্রবার ২০১৩। বাংলাদেশে সত্তর দশকের অন্যতম মুখ্য কবি সমুদ্র গুপ্তের পঞ্চম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মুক্তচিন্তা প্রকাশনী কবি সমুদ্র গুপ্তের কর্মময় জীবন নিয়ে প্রকাশ করতে যাচ্ছে একটি 'স্মারকগ্রন্থ'। বাংলাদেশের গুরত্বপূর্ণ লেখক, সমসাময়িক কবি ও কাব্যবন্ধুদের লেখায় সমৃদ্ধ হবে এই প্রকাশনা।

সমকালীন বাংলা সাহিত্যের একটি প্রিয় নাম সমুদ্র গুপ্ত। সত্তর দশকে তাঁর বিকাশ। প্রথম কাব্য রোদ ঝলসানো মুখ প্রকাশিত হয় ১৯৭৭ সালে। ঐ বছরই পেয়ে যান বাংলাদেশ লেখক শিবির কর্তৃক প্রদত্ত 'হূমায়ূন কবির পুরস্কার'।

পিতৃপ্রদত্ত নাম আব্দুল মান্নান বাদশা। লেখক নাম সমুদ্র গুপ্ত। সমুদ্র গুপ্ত দেশের অভ্যুদয় থেকে শুরু করে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন বা তৎপরবর্তী গণআন্দোলনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিলেন। স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমরে অংশ নিয়েছিলেন। পত্রিকায় কলাম লিখেও সফলতা অর্জন করেন। তরুণদের সাথে ব্যাপকভাবে মিশতেন কবি সমুদ্র গুপ্ত। ঠোঁটের কোণে সব সময় লেগে থাকত এক টুকরো হাসি । শাহবাগের আজিজ সুপার মার্কেট ছিল কবির সব সময়ের আস্তানা। এখানেই তিনি কাটিয়েছেন তার জীবনের সুন্দর ও আড্ডাময় বিকেলগুলো।

১৯৪৬ সালের ২৩ জুন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার হাসিল গ্রামে সমুদ্র গুপ্তের জন্ম। চাকরি করতেন ঢাকা শিক্ষা বোর্ডে, পরে সাংবাদিকতা এবং লেখালেখি। শেষ পর্যায়ে এসে কেবল লেখালেখিকেই জীবনের আশ্রয় করে নিয়েছিলেন। চরম অভাব-অনটনের মধ্য দিয়েও একটি মানবিক ও সুন্দর জীবনযাপন করে গেছেন এই সংগ্রামী-স্রষ্টা।

বহুভাষায় সমুদ্র গুপ্তের কবিতা অনূদিত হয়েছে। তার মধ্যে ইংরেজি, ফরাসি, চীনা, হিন্দি, উর্দু অন্যতম। রোদ ঝলসানো মুখ (১৯৭৭), স্বপ্নমঙ্গল কাব্য (১৯৮৭), এখনো উত্থান আছে (১৯৮৯), চোখে চোখ রেখে (১৯৯১), একাকী রৌদ্রের দিকে (১৯৯২), শেকড়ের শোকে (১৯৯৩) সহ আরও অনেক গ্রন্থ রয়েছে তাঁর।

তাঁর মৃত্যু ১৯ জুলাই ২০০৮ তারিখে, ভারতে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ও কবি সমুদ্র গুপ্তকে অন্তিম শয়ানে সমাহিত করা হয়।
স্মারক-গ্রন্থটি প্রকাশিত হলে কবির মূল্যায়নে বিশেষভাবে সহায়ক হবে বলে আশা করা যায়।