২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবুল হোসেন: ভিন্নভাবে ভিন্ন পথে হাঁটার প্রেরণা

shamolchondro_nath

Published : 29 Jun 2015, 12:15 AM

Updated : 23 Jun 2022, 04:04 PM

কবিতা সম্পর্কে বলার অনেক কিছুই আছে। আধুনিক কবিতা নিয়েও বলার আছে। কিন্তু কবিতার যে চিরায়ত ধারা রয়েছে সে ধারার ব্যতিক্রম সৃষ্টি দুর্লভ। আমি যে বিষয়ের কথা বলতে চাই তা কবিতায় আবেগহীন গদ্যময়তা। কবিতাকে আবেগহীন করা। বাংলা কবিতায় কবিতাকে কিভাবে আবেগ নয়, অভিজ্ঞতা দিয়ে নির্মাণ করা যায় সেটা কবি আবুল হোসেন জানতেন। শুধু জানতেনই না, আমার মতে তার সফল প্রয়োগ তিনি করেছেন। এই জন্যই হয়তো আধুনিক মুসলিম সাহিত্যের কিংবা কবিতার এই কাব্য প্রতিভাকে এড়িয়ে যাওয়া দুঃসাধ্য বলে মনে হয়। যার কবিতায় রয়েছে ভাবের, ভাষার, ইঙ্গিতের, নিহিতার্থের সাথে ইন্দ্রিয় ও হৃদয় অনুভূতির যৎসামান্য কথামালা। যৎসামান্য এই জন্য বললাম, কারণ তিনি খুব অল্পই লিখেছেন। তবে বাংলা কবিতার যে কোনো আলোচনা তাকে ছাড়া যদি হয়্ও, কিন্তু কবিতার বিশিষ্টতার কথা, কবিতায় আবেগহীনতার কথা, সার্থক সমিল গদ্য কবিতার কথা কিংবা বাঙালি মুসলিম মানসের সবচেয়ে আধুনিক কবিতার কথা বা কবির কথা আলোচিত হলে কবি আবুল হোসেনের নাম অনায়াসে চলে আসবে। যদিও একজন কবির কাজ কবিতা লিখে যাওয়া। কবিতা ভালো হল কিনা সেই কাজটিও তাকে অবিরাম চালিয়ে যেতে হয়। নিজের পছন্দ, অপছন্দ, বোধ ও আত্মানুভূতির একটা প্রবণতা সব সময় কবির মননে অনুরণিত হতে থাকে।
নতুন সৃষ্টির আনন্দের জন্য। কবির সে আনন্দ আবার কারো কাছে নিরানন্দের অর্থবহকও হতে পারে। আবার পাঠক গ্রহণ করতেও পারেন, নাও পারেন। তাই বলে কবির কলম, কবিতার কলম থামিয়ে দেওয়া বা চালিয়ে যাওয়া নিয়ে বিস্তর আলোচনার প্রয়োজন আছে বলে মনে করি। যদি কবি মনে করেন তাঁর কবিতায় অভিজ্ঞতা ও অনুভূতি সঠিকভাবে উপস্থাপন করতে পারেননি– ভাবে, ভাষায়, কবিতার ধর্মে, শরীরে– সে কবিতা নিয়ে তিনি হয়তো উচ্ছ্বাসবোধ করবেন না। কিন্তু যে কবিতায় কবিতার দাবি ও দরকার কবি সম্পন্ন করতে পারেন তা নিয়ে সংশয় থাকবে না এটাই স্বাভাবিক। তবুও তাঁর কবিতাকে প্রতিনিয়ত বদলাতে হয়, প্রতিনিয়ত বদলে যাওয়াটাই তাকে বিশিষ্টতার দিকে আধুনিকতার দিকে নিয়ে যায়। যদিও কবিতা সৃষ্টির শুরুর দিক থেকে আজ পর্যন্ত যেসব কবিতার জন্ম হয়েছে সারা পৃথিবীব্যাপী তার অনেক কবিতা ছাপার অক্ষরে টিকে থাকলেও মানুষের মন থেকে তার অনেকখানিই মুছে গেছে। এ সময়ে এসেও অনেকেই হারিয়ে গেছেন, যাবেন সেটা মোটেই বিস্মিত হওয়ার মত কিছুই নয়। এ ধারা চলে আসছে অবিরত। একে তো আর অস্বীকার করা যায় না। যেমনি অস্বীকার করা যায় না কবি আবুল হোসেনের প্রথম সমিল ও সার্থক গদ্য কবিতা 'বাংলার মেয়ে'কে। প্রথম সমিল ও সার্থক গদ্য কবিতা এ জন্য বলেছি যে, গদ্য কবিতা এর আগেও লেখা হয়েছে। কিন্তু সার্থকতার বিচারে, কবিতার নিহিত অর্থের বিচারে, ছন্দের বিচারে কিংবা মাত্রার বিচারে এটিই প্রথম সার্থক সমিল গদ্য কবিতা।

তাঁর লেখা প্রথম কাব্যগন্থ 'নব বসন্তে' এসেও সেই সময়ের অন্যান্য কবিদের মত রবীন্দ্র প্রভাব তাকে আকড়ে ধরেছিল। সেই প্রভাব থেকে নিরন্তন চেষ্টাও করেছেন বেরিয়ে আসতে। সেই প্রচেষ্টা কবিতায় স্বল্পভাষ্য এবং আবেগের সংযমের কথা মনে করিয়ে দেয়। যদিও এ ধরনের কবিতা লেখার জন্য তাকে কবি এজরা পাউন্ডের সাথে তুলনা করা হয়। ভাষা ও প্রকরণের ক্ষেত্রে সারল্য ও স্বাভাবিকতার সফল প্রয়োগ থাকলেও তা তাঁর কবিতাকে কতটা বিশিষ্টতা দিয়েছে সে বিষয়ে আরো একপ্রস্থ আলোচনা হতে পারে। কিন্তু তাঁর কবিতার ভাবটা কিছুটা কবি এলিয়টের কথা স্মরণ করিয়ে দেয়।

আবুল হোসেন গদ্যের ভিতর কাব্য সঞ্চারে অবিচল যদিও ছিলেন কিন্তু পদ্যকেও আপন মহীমায় বুকে টেনে নিয়েছেন। তাঁর কবিতায় আত্মকেন্দ্রিকতা ও সমাজ বাস্তবতার কথাও ধ্বনিত হয়েছে। তাঁর কবিতায় প্রধানত আবেগের স্থান দখল করেছে বুদ্ধি ও মননশীলতা। তিনি বস্তু ও ব্যক্তিকেন্দ্রিকতা, সামাজিক উপকরণ, নতুনত্ব সন্ধানের মধ্য দিয়ে চলে গেছেন দার্শনিক গভীরতায় কখনো কখনো। আবেগ বর্জিত সুরারোপ, মিতবাক ও মেদহীনতা তাঁর কবিতাকে পথ চলতে সাহায্যে করেছে। শুধু সাহায্য করেনি, করেছে গদ্যের ভিতর কবিতার সঞ্চার। যা কিনা বিংশ শতাব্দীর নতুন পথের কথাই মনে করে দেয়। কবিতার যে ভাবালুতা সেটা তিনি বর্জন করতে চেয়েছেন। আবুল হোসেন ভিন্ন ভাবে, ভিন্ন পথে হাঁটার ক্ষেত্রে নিজেই নিজের প্রেরণা।