২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এখন অনুবাদ মূল হয়ে গেছে, মূল বাইবেল আর কেউ পড়ে না’

‘এখন অনুবাদ মূল হয়ে গেছে, মূল বাইবেল আর কেউ পড়ে না’

ছবি

ছন্দা মাহবুব ছন্দা মাহবুব

Published : 06 Nov 2022, 07:54 PM

Updated : 06 Nov 2022, 07:54 PM

বাঙালির মতো একটি সংকর জাতির যা কিছু অর্জন ও বিশিষ্টতা সে সবের অনেক কিছুই কোনো না কোনো জাতির কাছ থেকে পাওয়া। এই দিকটি ধরেই কবি, প্রাবন্ধিক ও অনুবাদক কুমার চক্রবর্তী বলছিলেন, ‘অনুবাদ আমাদের জাতিসত্তায় মিশে আছে।’ বাংলা ভাষা ও সাহিত্যে অনুবাদের যে দীর্ঘ ঐতিহ্য রয়েছে সে দিকটির প্রতি ইঙ্গিত করে তিনি বলছিলেন, ‘এমনকি এখনকার যে কয়েকটি প্রধান ধর্ম এবং সেগুলোর যে প্রধান প্রধান পুস্তক সেগুলোও কিন্তু আমাদের অনুবাদের মাধ্যমেই পাওয়া।’

এই ধরনের দিগন্ত-উন্মোচক আলোচনাই ছিল উজান ‘বইযাত্রা, ঢাকা’র পুরো অনুষ্ঠানজুড়ে। আলোচনা, কবিতাপাঠ, আবৃত্তি আর বইমেলায় মুখর হয়ে উঠেছিল বৃহস্পতিবারের সন্ধ্যাটি। পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে অসুস্থতা সত্ত্বেও উপস্থিত হন বয়োজ্যেষ্ঠ নাগরিক একুশে পদকে ভূষিত কবি অসীম সাহা। অনুষ্ঠানে ছিলেন আরেক বয়োজ্যেষ্ঠ কবি কবি ফারুক মাহমুদ। ব্যতিক্রম আনন্দ হলো, পর্যায়ক্রমে দুইজনই ছিলেন অনুষ্ঠানের সভাপতি।

জেলহত্যা দিবসের এই সন্ধ্যায় বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের ভুলেননি আয়োজকরা। অনুষ্ঠানের শুরুতেই জেলহত্যা দিবসের শহীদ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এই এইচ এম কামারুজ্জামানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন আলোচক ও দর্শকরা।

‘উজান বইযাত্রা’র আলোচনা ছিল উজান প্রকাশনের অনুবাদগ্রন্থ ‘কোরিয়ার কবিতা’ ও ‘কোরিয়ার গল্প’ নিয়ে। প্রাণবন্ত আলোচনা করেছেন কথাসাহিত্যিক আহমদ বশীর, কবি ও প্রাবন্ধিক কুমার চক্রবর্তী, কবি ও অনুবাদক গৌরাঙ্গ মোহান্ত, কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, কথাসাহিত্যিক মনি হায়দার।

অনুষ্ঠানের সভাপতি কবি অসীম সাহা বলেন, ‘কোরিয়ার অনুবাদ বাংলাদেশে এর আগে তেমন হয়নি। শুধু কোরিয়া নয়, ফিলিপাইন, শ্রীলংকা, নেপাল, এই দেশগুলোর সাহিত্যের অনুবাদও খুব একটা চোখে পড়ে না। উজান উদ্যোগ নিতে পারে এই দেশগুলোর সাহিত্য অনুবাদ করার জন্য।’ বিশ্বসাহিত্য অনুবাদের বিষয়ে বাংলা একাডেমির ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলা একাডেমির কাজ ছিল বিভিন্ন দেশের সাহিত্যের অনুবাদ করা, তাদের আলাদা একটা বিভাগও আছে এই বিষয়ে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে বিশ্বসাহিত্যকে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে।’

কবি ফারুক মাহমুদ বাংলাসাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদের ভাববস্তুর সাথে কোরিয়ার সাহিত্যের ভাববস্তু ও আঙ্গিকের মিল-অমিলের দিকগুলো তুলে ধরেন। ‘উজান বইযাত্রা’র এই আয়োজনে বাংলাদেশের একেবারে নবীনতম কবিদের সংযুক্ত করার উদ্যোগের প্রশংসা করেন তিনি। 

অনুষ্ঠানের আলোচক কথাসাহিত্যিক আহমদ বশীর ‘কোরিয়ার গল্প’ অনুবাদ সংকলনের বিভিন্ন গল্প থেকে সাহিত্য ও  সমাজ বিশ্লেষণ করেন। গল্পগুলোর সাথে আমাদের দেশ ও সমাজের সাথে মিল-অমিলের জায়গাগুলোও দেখান তিনি। জোর দেন বাংলাসাহিত্য বিভিন্ন ভাষায় অনুবাদের ওপর।

Image

ছবি

কবি, প্রাবন্ধিক ও অনুবাদক কুমার চক্রবর্তী বলেন, `অনুবাদ যেমনই হোক না কেন, অনুবাদ অপরিহার্য। অনুবাদের ইতিহাস অনেক প্রাচীন। সাহিত্যের অনুবাদের আগে অনুবাদ শুরু হয়েছিল ধর্মীয় প্রেক্ষাপট থেকে। প্রথম বাইবেল অনুবাদ করা হয়েছিল মূল বাইবেল থেকে। এখন সেই অনুবাদ বাইবেলই মূল হয়ে গেছে, মূল বাইবেল আর কেউ পড়ে না। অনুবাদ আমাদের জাতিসত্তায় মিশে আছে।’

কবি ও অনুবাদক গৌরাঙ্গ মোহান্ত আলোকপাত করেন চীন, জাপান ও কোরিয়ার সাহিত্য এবং এই তিন দেশের সাহিত্যের অন্তর্বস্তুর ওপর। কোরিয়ার সাহিত্যের সাথে বাংলা ও বিশ্বসাহিত্যের তুলনামূলক আলোচনা করেন তিনি। ‘কোরিয়ার কবিতা’ ও ‘কোরিয়ার গল্পে’ যেসব লেখকের লেখা অন্তর্ভুক্ত হয়নি আগামী সংস্করণে তাদের লেখা অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন তিনি। বলেন, ‘কোরিয়ার কবিতা আমরা বেশ কম পড়েছি, কিন্তু এই সংকলন আমাদের জন্য বেশ অনুপ্রেরণামূলক।’ কোরিয়ার গল্প ও কবিতার সাথে বিশ্বসাহিত্যের বিভিন্ন বিখ্যাত কবি এবং লেখকের লেখা এবং ভাবনারও তুলনামূলক আলোচনা করেন তিনি।

কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল বলেন, সাহিত্য মূলত সংযোগ তৈরি করে দেয়। ‘কোরিয়ার গল্প’ পড়ার পর এখন কোরিয়ায় গেলেও মনে হবে না মানুষগুলো ভিন্ন, মনে হবে এরা আমাদের মতোই একই রকম অনুভূতির মানুষ।

কথাসাহিত্যিক ও টিভি-উপস্থাপক মনি হায়দার, বিভিন্ন ভাষার সাহিত্য বাংলাভাষায় অনুবাদের পাশাপাশি সমানতালে বাংলাভাষার সৃমদ্ধ সাহিত্যও বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদের ওপর জোর দেন।

অনুবাদ নিয়ে, বাংলাভাষায় অনূদিত বিশ্বসাহিত্য নিয়ে তত্ত্ব ও তথ্যে গুরুগম্ভীর কথা বলেছেন আলোচকরা। তাতেও ছিল রস ও হাস্য। উপস্থিত যাঁরা ছিলেন তারাও ছিলেন এই গুরুগম্ভীর কথার সমঝদার। যে কারণে উপস্থিতির ধৈর্য ও মনোযোগ দেখে অবাক হয়েছিলেন কথাসাহিত্যিক আহমদ বশীর। মজা করে বলছিলেন ‘এমন লক্ষ্মীমন্ত দর্শক ও শ্রোতা আর দেখিনি’।

অনুষ্ঠানে ‘কোরিয়ার কবিতা’ থেকে আবৃত্তি করেন আবৃত্তি সংগঠন স্বরশ্রুতির সৈয়দা সালমা শিরিন এবং ফাতিমাতুজ জোহরা তিথি। তাদের আবৃত্তির মাধ্যমে একটু হলেও কোরিয়ার কবিতার প্রত্যক্ষ স্বাদ পান উপস্থিত দর্শকরা।

 কোরিয়ার সাহিত্যের পাশাপাশি বাংলা সাহিত্যের এই সময়ের তারুণ্যকে উপস্থানের চেষ্টা ছিল এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পড়েন তরুণতম তিন কবি (নারী) উম্মে হাবিবা, অনুভব আহমেদ, শতাব্দিকা ঊর্মী।

 উজান বইযাত্রার এই আয়োজন সঞ্চালনা করেন বই বিষয়ক পত্রিকা ‘এবং বই’য়ের সম্পাদক লেখক ফয়সাল আহমেদ।

 সব মিলে পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্র বৃহস্পতিবারের সন্ধ্যা ছিল সাহিত্যমগ্ন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, লেখক, শিল্পী ও সংস্কৃতি অঙ্গনের লোকজন।