২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

আবৃত্তি ও আলোচনায় জীবনানন্দকে স্মরণ

অনুষ্ঠানে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে মূল আলোচনা করেন কবি নাসির আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Oct 2026, 12:22 PM

Updated : 24 Oct 2026, 12:22 PM

আবৃত্তি ও আলোচনার মধ্য দিয়ে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশকে স্মরণ করেছেন কবি, আবৃত্তিশিল্পী ও সংস্কৃতিকর্মীরা।

কবির প্রয়াণ দিবস ঘিরে শুক্রবার রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘জীবনানন্দ স্মরণ-২০২৬’। স্রোত আবৃত্তি সংসদ ও ভোলা আবৃত্তি সংসদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী এবং দুই আয়োজক সংগঠনের পরিবেশনায় উঠে আসে জীবনানন্দের প্রকৃতি-অনুভব, রূপসী বাংলার সৌন্দর্য এবং মানবচেতনায় কালের বার্তা। কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে মূল আলোচনা করেন কবি নাসির আহমেদ।

স্মরণানুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে কবিতা আবৃত্তি করেন অমিয়া অমানিতা, মাহফুজ আহমেদ শান্ত, আদৃত আরনি, নাজা রহমান ও সেমন্তি রোদসী।

ভোলা আবৃত্তি সংসদের পক্ষে আবৃত্তি পরিবেশন করেন শফিকুল ইসলাম শামীম, মাহবুব উর রহমান, জেসমিন বন্যা, ফারজানা স্নিগ্ধা, শামশেদ শাহনীন ও শামস মিঠু।

অন্যদিকে স্রোত আবৃত্তি সংসদের আবৃত্তিশিল্পীদের মধ্যে মঞ্চে আসেন শামীমা সুলতানা তন্দ্রা, সানজিদা সোহেলী, মাহফুজ মাসুম, রেহানা আক্তার, মাহফুজ রিজভী, মাহফুজ তুহিন, আজিম রানা, ফারহানা আক্তার ও ইয়াতুন্নেসা রুমা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসুদুজ্জামান।