প্রকাশ বিশ্বাসের গল্প: শচীন কত্তা
দক্ষিণ চরথার বাড়িতে শচীন কত্তার বাড়ির উদ্দেশে আমরা দুজন রওয়ানা হয়েছিলাম দুপুরে।
এখন দুজনের একজন হাওয়া। বেমালুম লাপাত্তা আমার সহযাত্রী। অর্থাৎ কিনা আমার ওই বন্ধুটিকে আর খুঁজে পাচ্ছি না। যদিও তার সঙ্গে ঘটনাদৈবে যাত্রাপথে আমার বন্ধুতা তৈরি হয়েছিল।
একটু আগে হাঁটছিলাম আমি । ও ছিল পেছনে। স্বাভাবিক পেছন ফেরাতেই দেখি সে আর দৃশ্যমান ছিল না। একসঙ্গে এতক্ষণ হাঁটলাম, বিভিন্ন ধরনের যানবাহন পাল্টে এলাম এত দূরে। কোথায় গেল আমার বন্ধুটি?
বেশ কিছুক্ষণ আগে থেকেই দিনটি ডুবে যাচ্ছিল। আকাশে অন্ধকারের ঝাপটা। ইষৎ দখিনা বাতাসে মেঘ উড়িয়ে নিয়ে আসছিল। একটুখানি বৃষ্টির পর গুমোট গরমে ঘামে শরীর ভিজে গেছে। রাস্তার খানাখন্দে নয়ানজুলিতে জমে থাকা জলে প্রায়ই আছাড় খাচ্ছিলাম।
এই নগরের আগা-মাথা, দিক-পাশ কিছুই বুঝতে পারছিলাম না। শুধু কয়েকটি কুকুরের চিৎকার আর হল্লা ছাড়া রাস্তায়, আশে পাশের বাড়িগুলোতে কোন জনমানুষের শব্দও পাচ্ছিলাম না।
খোয়া আর সুড়কি বিছানো রাস্তা ধরে আরো খানিকটা এগিয়ে গেলে প্রকৃতি চারপাশ আরো নৈঃশব্দে তলিয়ে যায়।
এতক্ষণে ইলেকট্রিক পোস্টে আলো জ্বলে উঠেছে। নিয়ন সাইনবোর্ড দোকান, বিলবোর্ডে আলোর ঝিলিক। হাঁটতে হাঁটতে একটু ডানে মোড় নিতেই একটি স্কুলের সাইনবোর্ড আর ভবন চোখে পড়লো। স্কুলের নাম ইশ্বর চন্দ্র বিদ্যালয়। আমি আশার আলো দেখতে পেলাম। আশাহত হৃদয়ে সঞ্জীবনী ফিরে আসলো। কেননা হাতেখড়ির পর এ পাঠশালাতেই কুমার শচীন্দ্র দেব অধ্যয়ন করেছেন। বিদ্যালয়টি যখন পেয়েছি, বাড়ি খুঁজে পাবোই।
আমি ভাবতে থাকি চর্থা নামের জনপদের কথা। যে কথা আমার যেখানে সুর মূর্ছনা আর ঝঙ্কারে কল্লোলিত শ্রাবস্তী আর উজ্জ্বয়িনীর আলোকসম্পাত। যেখানকার মহার্ঘ চন্দ্রবংশীয় মানিক্য রাজপরিবারের কুঞ্জে জ্যোস্না রাতে প্রাসাদের সন্মুখ গোলপুকুর থেকে অমৃত সুর সুধা শ্রবণে উঠে আসে জলপরীরা। আমার সহযাত্রী সারা রাস্তা ধরে শচীন কত্তার ইতিহাস বলতে বলতে এ পযর্ন্ত সঙ্গ দিয়ে আসছিলেন।
কিভাবে উবে গেছেন তিনি? তার কথা ভাবতে আমার শরীরে একরকমের বিস্ময় আর ভীতির শিহরণও খেলে গেল। আমি আমার স্বপ্নের এই মানুষের সামনে কতটুকুই বা শিল্পী, কতটুকুই বা গায়ক? আর কতটাই বা সঙ্গীত বোদ্ধা?
তিনি আমার মতো অভাজনকেই বা কেন ডাকেন? এত তাড়া! এরকম জরুরি তলবই বা কেন? তা মেলাতে আমি হিমশিম। যাকে, যে অদেখা, মু্খোমুখি প্রত্যক্ষ না হওয়া এই সঙ্গীতের দ্রোনাচার্যকে আমি কোন নিষ্ঠায় একলব্যের মতো ত্যাগের মহিমা প্রর্দশন করবো?
ভাবতে ভাবতে এক রকম ঘোরের মধ্যে হাঁটতে হাঁটতে নতুন একটি রাস্তা যোগ হয়। একসময় নারী কণ্ঠের হাসির লহর কানে আসে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জাগরিত হয়ে ওঠে। ল্যাম্পপোস্টে আর রাস্তার ডাস্টবিনের দেয়ালে আমাকে দেখে হাসছে ওরা। ঠাহর করতে পারি রূপোপজীবীদের অস্তিত্ব। তারা আমাকে দেখে নূপুরের নিক্কনের মতো বলে ওঠে, কোথায় যাচ্ছিস? পথ বুঝি হারিয়ে ফেলেছিস। আমরা সব জানি। পথ তুই হারাস নাই। আরো সামনে যা পেয়ে যাবি। উনি অপেক্ষা করছেন। আমি কোথায় কার কাছে যাচ্ছি তাতো কেউ জানে না। এরা কিভাবে আমার এ তত্ত্বতালাশ আন্দাজ করতে পারলো?
আরো হাঁটতে থাকি আমি ভূতগ্রস্থের মতো।
আস্তে ধীরে আরো সময় পার হয়ে যায়। দিনের আলো ফুরিয়ে গেছে সেই কখন। আকাশে সন্ধ্যা তারার আলোয় আমি দূরে একটি প্রাসাদোপম বাড়ি থেকে আলোর ইশারা পাই। বাড়ির সামনে গোলপুকুর। আস্তে আস্তে কয়েকটি অবয়ব স্পষ্ট হতে লাগলো। তাদের চেহারা স্পষ্ট হতেই দেখতে পাই অভ্যর্থনায় এগিয়ে আসছেন আমার সেই হারিয়ে যাওয়া বন্ধু সহযাত্রী। আমার আশ্চর্যে কোন যতি চিহ্ন পড়লো না। যখন দেখলাম স্বয়ং শচীন কত্তা আমার দিকে এগিয়ে আসছেন।
কিন্তু আমাকে দেখে কেনই বা আমার আরাধ্যের চোখ টলমল? মঙ্গোলয়েড মুখে কেনই বা রজত বিন্দুর ধারা?
আমার হতবিহবল অবস্থা তখন। আমায় দেখে তিনি তার মন্দ্র আনুনাসিক কন্ঠস্বরে যখন আমাকে কাছে ডাকলেন তখন বাড়ির ভেতর থেকে ভেসে আসছিল রাগ শুদ্ধ কল্যাণ।
হঠাৎ বৈদুতিক আলো চলে গেলে বাদ্যযন্ত্র তবলার মতো গোল পূর্ণ চন্দ্র দেখা দেয়। জ্যোস্না আর গাছের ছায়ার মাঝে ইষৎ বাতাসে মোমের আলোর কাঁপা কাঁপা শিখা পরিবেশ আরো রহস্যময় করে তুলেছে।
চন্দ্রাহত আমাকে তিনি বিষাদে ধরা গলায় বলেন, “এত দেরি করলা কিরে? ভাবছিলাম আইতাই না। যাই হোক। আইছো এতটা দূরের থিকা, এহন এট্টু জিরাও। ”
আমার জন্য কাঁসার গেলাসে শরবত আর রেকাবীতে ফল পরিবেশন করা হয়। একটু পরে একজন আমাকে বড় একটি হলঘরে নিয়ে আসেন। হলঘরে বড় আলমিরাতে সেতার, এস্রাজ, হারমোনিয়াম, ঢোল,তবলা, বাঁশি, খঞ্জনি সাজানো রয়েছে। রয়েছে ধ্রুপদী গায়কদের ছবি।
এরপর গোমতী নদীর তীরে শৈশবের দুরন্তপনা,ভাগিরথী নদীর তীরে যৌবন আর আরব সাগরের তীরে প্রৌঢ় বেলার স্মৃতিচারণ করতে করতে তিনি আমায় বলেন, “আমি এহন আর খোট্টাগো দ্যাশে পশ্চিমে থাহি না, আগে আমার এই পুব দ্যাশের তুলনা কোন কিছুতেই পাইতাম না।” বলতে বলতে কেঁদে ফেলেন সুরের রাজপুত্র। এ দ্যাশের মাটি আর জল, মানুষের মমতা আর ভালোবাসার শ্যাষ নাই। কিন্তু এহন জানি ক্যামুন হইয়া গেল। হেই কতাই কইবার লাইগ্যাই চাইতেছি। কত মানুষরে কত ভাবে ডাকলাম কাওরে পাইলাম না, শুধু সাড়া দিলা তুমি। এ দ্যাশটা তো আগে এমন ছিল না। পশ্চিম দ্যাশে থাকতে শুধু পেপারে পড়তাম। এহন দেহি ঐ খবরগুলার চাইতেও খারাপ অবস্থা।
তোমাগো কয়াম কিরে, এইডা আমারারো দ্যাশ। এইখানে তো আগে বাওলার ঘর ভাঙ্গতো না। এখন চুল দাঁড়ি পর্যন্ত কাইটা দ্যায়। হায়রে ঈশ্বর। অথচ এই বাওলারাই আমারে গান শিখাইছে। আমার শিক্ষক ছিল তিতাসে মাছ ধরা জাউলা, কুমিল্লার গ্রামে গ্রামে ধানের খেতে যে কৃষক গান গাইতে গাইতে ধান চাষ করে,তারা। তারার আত্মার স্পর্শ আর আশীর্বাদ আমি পাইছিলাম। আমার ধর্ম ছিল গান , তারারও ধর্ম ছিল সঙ্গীত। মানুষ নিয়্যাই তো সব। আমার কাছে রাজা প্রজা, হিন্দু মুসলমান পরিচয় বড় ছিল না। তবে এরা কইথাইকা আসলো, এই মূর্খ দুবৃত্ত কালাপাহাড়গুলা? খালি ধর্মের নামে অধর্ম চর্চা। আরে ধর্মতো মানষ্যের জন্যই। আর ঔই যে তোমরার রিমিক্স, ডিজে নামের অদভুত কিসিমের ঘোড়া রোগ। আমার গানগুলাও এ রকম বিকৃত সুরে পরিবেশন করে যে! এরার মধ্যে কোন সুর মূর্ছনা ঝঙ্কার নাই। তোমরা একটা কিছু করো। এ অসীম তমসা থিকা আমরার মুক্তির আন্দোলন তৈরি করো, আলো আনো। ”
কথা বলতে বলতে তার ঠোঁট কাঁপতে থাকে। কপালে বলিরেখাগুলো আরো স্পষ্ট ফুটে ওঠে। কথাগুলো যেন কোনো বিস্মরণ কাল থেকে, পুরানো বাক্সবন্দী মুদ্রার মতো ঝনঝনিয়ে গড়িয়ে পড়ছিল। আমি তাকে আর দেখতে না পেলেও তার কথা বেশ ভালোভাবেই শুনতে পাচ্ছিলাম।
এমন সময় তানপুরায় এস্রাজে রাগ কাফী কিম্বা বাগেশ্রী ভেসে আসে। এ রাগে আমি বুঝতে পারি এখন মধ্যরাত। কে বাজায় এত কোমল মসৃণ সুর। কোনখান বসে বাজায়? আমি খোঁজার চেষ্টায় ব্যর্থ হলাম। সে সুরে আমার ঘুম পেতে থাকে। ধীরে ধীরে আমার ওপর তুমুল তন্দ্রা ভর করে। তার কথাগুলো আস্তে আস্তে অস্পষ্ট হতে থাকে। তবে তার যন্ত্রনাকাতর কথাগুলো তলিয়ে যায়।
এরপরের কথাগুলো বেশ মৃদু লয়ের। আমি বুঝতে পারছিলাম বেশ রাত হয়ে গেছে। আর একটু পরে অন্য প্রহর গড়াবে।
যদিও আমরার রাজপ্রাসাদের লোকদের সাধারণ লোকেদের সঙ্গে মেলামেশা করাটা রাজ পরিবারের রীতিবিরুদ্ধ ছিল। কিন্তু সাাধারণ মানষের লগে মেলামেশায় আমার বাবা নবদ্বীপ চন্দ্রের কাছ থিকা কোনপ্রকার বাধা আসতো না। তিনি নিজে ছিলেন সঙ্গীতরসিক মানুষ। সেতার বাজাইতেন নিজে। সঙ্গীতের প্রথম তালিম তো আমার বাবার কাছেই। ছিলাম বাড়ির ছোট ছাওয়াল। ছোট বইলা বাবার একটু বেশিই আদর পাইতাম। তবু ছোটবেলায় কি জানি কেন একটা টান অনুভব করতাম মাটির কাছাকাছি জগতটার জন্যে। নদী আর ধানের ক্ষেতে যখন বাতাস খেলাইতো আমার হৃদ অলিন্দ নিলয় আর সকল তন্ত্রী উছলে ঊঠতো।
আমার গুরু তো ওরাই। বোম্বাই যাইয়া ওগো খুব মিস করতাম। হায়রে আনোয়ার! তুই কই গেলি। ওরে মাধইব্যা তুইও আরাইয়া গেলি।
হ্যাতাগো তুমি খুউজা বাইর করতা পারবা?
মাধইব্যা সুর কইরা রামায়ন পড়তো। আর আনোয়ার দোতারা বাজাইয়্যা ভাটিয়ালি ধরতো।
আমার সরস্বতীর বর পাওয়া দাদা আর দিদি তো ওপারে চইলা গেছে কবেই।
উপাসনার গান, দোলযাত্রার গান এহন তো আর হয় না। বোষ্টম বোষ্টমীর দল, গাজনের দল নাইক্যা।
কইলকাতায় বোম্বাই গিয়া তো বড় বড় মাইনষের লগে মিশলাম। আমি ক্যামুন গায়ক জানি না। আমি তো দ্যাবতা না, মানুষ। আমারেও প্রতিযোগিতায় নামতে হইছে। তবে কাউরে নেতিবাচক হিংসা করতাম না।
এহন খালি হিংসা আর বিদ্বেষ। মানুষ কি কইরা সঙ্গীত ভুইলা গেল কওতো। তুমি তো খুব শোনো, নিজেও গান করো। তাই তোমারে ডাকলাম। এসব যে আমার ভাল্লাগে না। একটা কিছু করো।
তার কথা আবার অস্পষ্ট হয়ে পড়ে। আমি তন্দ্রায় ঢলে পড়লাম কিনা আমি জানি না।
হঠাৎ তন্দ্রার ঘোর কেটে যায়। দেখি আমাকে বাড়ির সামনের গোল দিঘীতে আমি ছোট কোষা নৌকায় বসে আছি। তখন দিন না রাত কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ জল ফুঁড়ে একটি বিরাট পদ্ম ফুল উঠে আসলো। এই পদ্ম ফুলের ওপর শচীন কত্তার অস্পষ্ট সিল্যুয়েট, তিনি অপরিচিত অবয়বের কয়েকজন নানা রকম বাদ্যযন্ত্র নিয়ে বসে আছেন। আর শুরু হলো দীপক রাগের মুর্ছনা। চারদিকের আকাশ বাতাস উত্তপ্ত হয়ে উঠতে থাকলো। যেন লু হাওয়া বইছে। আশ পাশের গাছ লতা যেন পুড়ে যাবে। এ সময় অকস্মাৎ ক্রোধে উন্মত্ত শচীন কত্তার চিৎকার ভেসে আসতে লাগলো । ‘ঐসব অর্বাচীন বকধার্মিকদের জ্বালাই পুউড়া দে।’ ‘সুর ছন্দের হত্যাকারীকে ভস্ম কইরা ফালা।’ ‘একটা কিছু করো, আমি হ্যাতারা আস্ফালন আর দেখতাম পারতেছি না। না না না’ ।
