ধবল দুধের কবি আবুবকর সিদ্দিক
প্রাকৃতিক বিপর্যয়ের চেয়েও ভয়াবহ সরকারি ত্রাণকর্মকর্তাদের ভেতরের ঘৃণ্য পশুচরিত্র উন্মোচনের জন্য আবুবকর সিদ্দিকের এই কালজয়ী উপন্যাস আদালত পর্যন্ত গড়িয়েছিল।
সাহিত্যে নানাবিধ কাজ করার পরও আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি কবি পরিচয়ে। কবি আবুবকর সিদ্দিকও তার ব্যতিক্রম নন। বরং কবি হিসেবেই তিনি সমধিক পরিচিত। তবে সাহিত্যের সকল শাখায়ই ছিল তাঁর স্বচ্ছন্দ বিচরণ এবং তিনি পঞ্চাশের দশকের অন্যতম সব্যসাচী লেখক। সব্যসাচী লেখক মানেই যদি বহুমাত্রিক লেখক তবে আবুবকর সিদ্দিকের সৃজনসম্ভারও বহুমাত্রিক। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, ছড়াকার, গদ্যকার এবং এদেশের গণসংগীতের অন্যতম একজন দিকপাল।
১৯৩৬ সালে ১৯ আগস্ট বাগেরহাটের গোটাপাড়া গ্রামে জন্ম (পৈত্রিক নিবাস একই জেলার বৈটপুর গ্রাম) হলেও পিতা মতিয়র রহমান পাটোয়ারীর কর্মসূত্রে পশ্চিমবঙ্গের হুগলি ও বর্ধমান জেলায় কেটেছে তাঁর শৈশব-কৈশোর। ফলে এপার-ওপার দু’পারেই রয়েছে তাঁর সাহিত্যিক জীবননৌকা। সেই সুবাদে তিনি কবি বিষ্ণু দে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, উৎপল কুমার বসু, নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রমুখ কবি ও লেখকের সংস্পর্শে এসেছিলেন। এপারে আলোচিত সাহিত্য পত্রিকা ‘সমকাল’ সম্পাদক সিকান্দার আবু জাফর ও হাসান হাফিজুর রহমান ছিলেন তাঁর সাহিত্যিক অনুপ্রেরণা। ১৯৪৮ সালে দেশে ফিরে বাগেরহাটে থিতু হন তিনি। ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এর এক বছর আগে ১৯৫৭ সালে দেশে প্রথম আধুনিক সাহিত্য পত্রিকা ‘সমকাল’ আত্মপ্রকাশ করে এবং উদ্বোধনী বছরেরই একটি সংখ্যায় কবি হাসান হাফিজুর রহমান তাঁর দুটি কবিতা ‘পাপ-পূণ্য’ ও ‘শীতের শেষরাত’ একসঙ্গে ছেপে দেন। তার মধ্য দিয়েই শুরু হয় তাঁর কবিতার বর্ণাঢ্য যাত্রা। তাঁর কবিতায় যেমন কবি বিষ্ণু দে’র কবিতার ছায়া দেখতে পান অনেকেই, তেমনি কথাসাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, অমিয়ভূষণ মজুমদারের। কিন্তু সে অর্থে তিনি আলোচিত নন। বাজারপ্রবণ নন বলে তাঁর সাহিত্য ফলনও সীমিত কিন্তু কালোত্তীর্ণ এবং বিষয় বৈচিত্রে অনন্য।
চারটি উপন্যাস : জলরক্ষস (১৯৮৫), খরাদাহ (১৯৮৭), বারুদপোড়া প্রহর (১৯৯৬), একাত্তরের হৃদভস্ম (১৯৯৭); পাঁচটি গল্প : ভূমিহীন দেশ (১৯৮৫), চরবিনাশকাল (১৯৮৭), মরে বাঁচার স্বাধীনতা (১৯৮৭), কুয়ো থেকে বেরিয়ে (১৯৯৪), ছায়াপ্রধান অঘ্রান (২০০০); আঠারটি কাব্যগ্রন্থ : ধবল দুধের স্বরগ্রাম (১৯৬৯), বিনিদ্র কালের ভেলা (১৯৭৬), হে লোকসভ্যতা (১৯৮৪), মানুষ তোমার বিক্ষত দিন (১৯৮৬), হেমন্তের সোনালতা (১৯৮৮), নিজস্ব এই মাতৃভাষায় (১৯৯৭), কালো কালো মেহনতী পাখি (২০০০), কংকালে অলংকার দিয়ো (২০০১), শ্যামল যাযাবর (২০০০), মানব হাড়ের হিম ও বিদ্যুত (২০০২), মনীষাকে ডেকে ডেকে (২০০২), আমার যত রক্তফোঁটা (২০০২), শ্রেষ্ঠ কবিতা (২০০২), কবিতা কোব্রামালা (২০০৫), বৃষ্টির কথা বলি বীজের কথা বলি (২০০৬), এইসব ভ্রূণশস্য (২০০৭), বাভী (২০০৮), নদীহারা মানুষের কথা (২০০৮) এবং একটি ছড়া : হট্টমালা (২০০১) গ্রন্থ নিয়ে আটাশটি গ্রন্থের খবর আমরা জানি। এ ছাড়া ‘রুদ্রপদাবলী’ নামে একটি গণসংগীতের বইও রয়েছে তাঁর। লিখেছেন প্রবন্ধ, মুক্তগদ্যসহ আরও নানাবিধ লেখাও। কিন্তু সেসবের বই আকারে প্রকাশ নেই। অথচ তিনি বাংলাসাহিত্যে প্রায় বিস্মৃত এক লেখক। নতুন প্রজন্মের কাছে তো একেবারেই অচেনা, অজ্ঞাত। তিনি আমাদের বাংলা সাহিত্যের প্রতিনিধিত্বশীল এক লেখক। তাঁর পথ যেমন আলাদা, তেমনি চিন্তাধারাও। সেই ব্যতিক্রমি চিন্তাধারার ফসল তাঁর দুটি অসাধারণ উপন্যাস ‘জলরাক্ষস’ ও ‘খরাদাহ’। দক্ষিণ ও উত্তর বঙ্গের যথাক্রমে সত্তুরের প্রলয়ংকরি ঘূর্ণিঝড় ‘গোর্কি’ ও ১৯৮৫ সালের স্মরণীয় মঙ্গাকে কেন্দ্র করে রচিত প্রাকৃতিক ও মানবিক সংকটের এক মানচিত্র। এতে যেমন উন্মোচিত হয়েছে সামন্ত ও পুঁজিবাদের নৃশংসচিত্র, তেমনি উদ্ভাসিত শ্রেণিহীন মানুষের অন্যায় ও নিষ্পেষণের বিরুদ্ধে বিজয়গাঁথাও। আর সেই বিজয়ের নায়ক হচ্ছেন একজন গোনজারালি, একজন ভল্লা। এই দুটি উপন্যাসে প্রান্তিক মানুষের সংগ্রামী জীবন চরিত্র ও ভূপ্রেক্ষাপট তুলে আনায় আবুবকর সিদ্দিক স্মরণীয় হয়ে থাকবেন। জলরাক্ষস-এ একজন গোনজারালীর বয়ানে সামগ্রিক চিত্র উন্মোচিত। তবে তাঁর শৌর্যবীর্যের মধ্যে তাঁর টানাপোড়েনকেই আমরা বড় করে দেখতে পাই। যে হাহাকার চিরন্তন এবং মৌলিক। তিনি কাহিনীর আবর্তে চৌধুরীদের স্বার্থরক্ষায় যেমন বীর তেমনি স্বভাবদোষে ছিঁচকে চোরও। সেখানে তিনি মৃতের শরীর থেকে অলংকার খুলে নিতেও দ্বিধা করে না। এটা হয়তো সামন্ত প্রভাবশালীদের প্রতি তার ঘৃণার প্রকাশ। কিন্তু তিনি নিজের অভাবের জাল থেকে বের হতে পারেন না। সেই কারণে নিজের প্রিয়তমা স্ত্রী জরিনকে লাইগেশন করাতে পর্যন্ত বাধ্য হন তিনি। জরিন আর মা হতে পারবে না। গোনজারালির সংসারে আর প্রতিনিধি থাকলো না। এটাই এই উপন্যাসের মৌলিক সুর বলে আমরা ধরে নিতে পারি। যদিও এখানে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে সবকিছু ছাপিয়ে বাঁচার বাসনাই প্রবল হয়ে উঠেছে।
প্রাকৃতিক বিপর্যয়ের চেয়েও ভয়াবহ সরকারি ত্রাণকর্মকর্তাদের ভেতরের ঘৃণ্য পশুচরিত্র উন্মোচনের জন্য আবুবকর সিদ্দিকের এই কালজয়ী উপন্যাস আদালত পর্যন্ত গড়িয়েছিল।
আর ‘খরাদাহ’ উপন্যাসে মসিদ খা’র মতো সামাজিক খল ও ভূমিদস্যু, বাহারউদ্দিনের মতো নারী ব্যবসায়ী পুঁজিবাদের ঘৃণ্য চরিত্র, চিকন দাসীর প্রেমিক ভল্লার মধ্যে বিদ্রোহের আগুন জ্বলে ওঠা ও অন্যায়ের বিরুদ্ধে বিজয় কাহিনিতে প্রাণসঞ্চার করলেও শেষ পর্যন্ত সেখানে প্রবল হয়ে উঠেছে এক মানবিক আর্তি।
আরও একটি কারণে উপন্যাসটি বিশিষ্ট তা হলো এর প্রেক্ষাপট নদীমাতৃক বাংলাদেশের একদম বিপরীত এক ভূচিত্র, যা লেখকের কাব্যিক অন্তর্দৃষ্টি ও আঞ্চলিক ভাষার নিরঙ্কুশ বুননে অনবদ্য হয়ে উঠেছে। এখানেই আবুবকর সিদ্দিক অন্যদের চেয়ে আলাদা, একনিষ্ঠ বাস্তব জীবনের পালাকার। যদিও প্রশ্ন উঠেছে এই উপন্যাসটি দ্রুতই সমাপ্তি টেনেছে। প্রান্তিক মানুষের জাগরণে প্রভাবশালী মসিদ খার এত দ্রুত অসহায় আত্মসমর্পণ ভালো ঠেকেনি কারও কারও কাছে।
এ ছাড়া গল্পেও তিনি অসাধারণ। তাঁর পাঁচটি গল্পগ্রন্থের অন্যতম ‘চরবিনাশকাল’। গ্রন্থের শিরোনাম গল্পটি অসাধারণ। এ যেন গল্প নয়, গল্পের অধিক। যার মধ্যে রয়েছে এক পূর্ণাঙ্গ উপন্যাসেরই ব্যাপ্তি। এমনও মনে করা হয় আর কোনো গল্প না লিখলেও এই একটি গল্পের জন্যই স্মরণীয় হয়ে থাকবেন আবুবকর সিদ্দিক। এটি এমন একটি গল্প যে গল্পের শেষ নেই। যে গল্প শেষাবধি মিলিয়ে দেয় অন্ধকার একাকার এক বাস্তবতায়। যার শেষ ঠিকানা নৈঃশব্দ্যে মোড়ানো খাঁ খাঁ এক গোরস্থান।
২.
পঞ্চাশের কবিতায় তিরিশের দশকের কবিদের প্রভাব কিংবদন্তিতুল্য। সে কথা অন্য কেউ স্বীকার না করলেও কবি আবুবকর সিদ্দিক অকপটেই তা স্বীকার করেছেন। এমন কি সমসাময়িক শক্তি চট্টোপাধ্যায় ও উৎপল কুমার বসুর কবিতার ছায়া পড়ার কথাও লুকাননি। আজীবন কবিতা-অন্ত আবুবকর সিদ্দিক কবিতার জন্য তাঁর নানারকম চরাই উৎরাই, যাপন নিয়ে খোলাখুলিই কথা বলেছেন। বলেছেন কোন উৎস থেকে ধাপে ধাপে কতদুর এসে ভিড়েছে তাঁর কবিতার তরী। নিজের আঠারোটি কবিতাগ্রন্থের প্রেক্ষাপটেরও তিনি ধারাবিবরণী দিয়েছেন নান্দনিক থেকে প্রকাশিত তাঁর ‘আমার সকল রসের ধারা’ শিরোনামে ‘কবিতা সমগ্র’-এ।
“১৯৬৯-এ আমার প্রথম কবিতা বই ‘ধবল দুধের স্বরগ্রাম’ বের হয়। বহিরঙ্গে বিষ্ণু দে’র (একই ধ্রুপদী আধুনিকতার ঘরানা সাঙ্গীকৃত সুধীন্দ্রনাথ দত্তেরও) ও অন্তরঙ্গে জীবনানন্দ দাশের অনুসারী অঙ্গভূষণ নিয়ে। ‘বিনিদ্র কালের ভেলা’ (১৯৭৬) পেরিয়ে ‘হে লোকসভ্যতা’ (১৯৮৪) পর্যন্ত এই ঐতিহ্যের জের চলে। তারপর শক্তির পরাবাস্তব কুহকী মোহ আমায় পেয়ে বসে। যার ঈষদাভাস ছলকে ওঠে ‘মানুষ তোমার বিক্ষত দিন’-এ (১৯৮৬)। এই মোহ দুর্মর। অন্তত আমার ক্ষেত্রে। তদুপরি, উৎপল কুমার বসুরও অবিস্মরণীয় আলোআঁধার। হয়ত আমৃত্যু বহমান এই গুঢ় চেতনাজাল। অথচ স্বাতন্ত্র্যই একজন আভিজাত্যাভিমানী শিল্প স্রষ্টার অস্তিত্বরক্ষার শেষ অস্ত্র। হয়ত তাই অন্যদের থেকে আমার কবিতার ভাষা ও মেজাজ, কোনো কোনো সজাগ পাঠকের চোখে, কিছুটা আলাদা। তবে এহো বাহ্য। আয়ুষ্কাল, নিরবধি কাল, অবিভাজ্য কালবোধ, অস্তিত্বে অনস্বীকার্যতা-অসহায়তা-চ্যালেঞ্জ-হাড্ডাহাড্ডি লড়াই-অবিদীর্ঘ ব্রহ্মাণ্ডব্যাপী নিখিল বিস্ময়, এইসব মননজটিল রহস্যপ্রাণতা একজন পূর্ণকালীন কবিকে অচিরে বস্তুপরিধির অতিরেকী একধরনের দার্শনিকতার পাশে (ফাঁসেও তো বটে) জড়িয়ে নেয়। ‘হেমন্তের সোনালতা’য় (১৯৮৮) ব্যাপারটার সূত্রপাত। ‘কংকালে অলংকার দিয়ো’তে (১৯৯৬) অনুসৃতি। ‘মানবহাড়ের হিম ও বিদ্যুতে’(২০০১) গাঢ়তর। আবেগের দুধক্ষীর জমে মননের খোয়াক্ষীরে দানা বাঁধতে লেগেছে। শেষ বই ‘হাওয়রের হাহাকার’ বেরুল ২০১০-এ।
পিছনের দিকে তাকিয়ে আজ অসহায় মনে হয়। নস্ট্যালজিয়া নয়, ধূসর এক অনিশ্চয়তায় ঢেকে আসে যৌবনের উজ্জ্বল স্মৃতি থেকে বর্তমানের তামাটে মেঘে ঢাকা আদিগন্ত আকাশ। সবই কি পশুশ্রম? এত রক্তক্ষরণ, এত মন্ত্রপুত ব্রতউদযাপন, এত তিল তিল শব্দের অক্লান্ত সীবন, এত বিনিদ্র জাগরণের কাব্যোৎসর্গ; কালের উদাস মাড়াইকলে সবই কি বর্জ্য? একটি অক্ষর, একটি স্বর একটি ধ্বনিও কি উত্তরকালের কৃপাকটাক্ষে পুনর্জীবনধন্য হবে না? কে জানে? কতটুকু জানি আমি নিজের পুঁজির খবর? বরং মনে হয় শেষ পর্যন্ত উদাসীন সময়ের পাল্টা আনন্দবেগ সেও তো কম মহার্ঘ পাথেয় নয়।”
তাঁর এই অকপট স্বীকারোক্তি থেকেই আমরা পেয়ে যাই তাঁর কাব্যের গ্রহণযাত্রা। তাঁর বক্তব্যে কবিতা নিয়ে তাঁর আত্মবিশ্বাসটিই ফুটে উঠেছে। আমরা বরং এইসঙ্গে এইটুকু শুধু যোগ করতে পারি, তিনি তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ধবল দুধের স্বরগ্রাম’-এর মতো পরিমার্জিত ও বিশুদ্ধ এক আধুনিক কবি। ‘নববসন্ত’ কবিতাগ্রন্থ দিয়ে চল্লিশের দশকে আধুনিক কবি হিসেবে আত্মপ্রকাশের জন্য কবি আবুল হোসেনকে আমরা যেমন বলি নববসন্তের কবি। তবে আবুবকর সিদ্দিককে কেন নয় ‘ধবল দুধের স্বরগ্রাম’-এর জন্য ধবল দুধের কবি? গ্রন্থের প্রথম ‘বাংলা ভাষার অর্ঘ্য’ কবিতায় তো আমরা তাঁর সেই নিবেদনই দেখি :
‘দুগ্ধবতী জননী আমার
আমার আদিম উচ্চারণ
আবেগে রোমাঞ্চে
হিরণ্য দৃষ্টি জন্ম সূর্যরাগে
তোমার সপ্রেম দুঃসাহসে।
আমার বুকের বিভা
......................
হে আমার ইতিহাস অহংকার
আত্মার নিঃশ্বাস
আমার এ অণুপরমাণু
জীবনের কণাকণিকার গান
তোমার প্রেমের অর্ঘ্যে
প্রাণের প্রতিম
জীবন আমার।’
কিংবা, ‘কংকালে অলংকার দিয়ো’ কবিতায় যখন তিনি বলেন--
কিছু কথা অলেখা থাক
মাটিচাপা থাকতে দিয়ো,
আপন পাপে পুড়তে দিয়ো
শাপেতাপে গলতে দিয়ো,
আপন পাপে পুড়তে দিয়ো
শাপেতাপে গলতে দিয়ো,
নামিয়ে দেবার আগে শুধু
মিনিট পাঁচেক দেখতে দিয়ো।
মাংস খসে গেলে পরে
কংকালে অলংকার দিয়ো।
তখন আমাদের বুঝতে কষ্ট হয় না কী তাঁর কবিতার মর্মবাণী, কী সুর বেজে চলেছে তাঁর কবিতার শোণিতে।
৩.
এসবের বাইরে তীর্যক সমালোচনা, মনোগ্রাহী মুক্তগদ্য, বিপ্লবী প্রাণের স্ফূরণ গণসংগীতের অনুপ্রাণন সব মিলিয়ে ব্যতিক্রমি এক সাহিত্য আসনেই তিনি অধিষ্ঠিত। ফলে মিডিয়ার উপেক্ষার ঢেউ তাঁকে সাহিত্যের গভীরে প্রোথিত তাঁর শেকড় থেকে নড়াতে পারবে না একচুলও। কারণ তিনি ঝরে যেতে ফোঁটেননি সাহিত্য বাগিচায়।
ব্যক্তি জীবনও তাঁর বর্ণাঢ্য, আজন্ম প্রেমিক ও রোমান্টিক এক পুরুষ, তুখোড় অধ্যাপক। কিন্তু অধ্যাপক শাসিত বাংলা সাহিত্যে ব্যতিক্রমি চরিত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিট জেনারেশনের বিশিষ্ট লেখক স্টিফেন স্পেন্ডার বলেছেন, ‘বড় মাপের মানুষের মধ্যে ইতর বিশেষ দিকও থাকে।’ বিশ্ব সাহিত্যের অনেক সাহিত্য মহারথীর জীবনেই তা ঘটেছে। তাতে ম্লান হয়নি তাঁদের অতুল সাহিত্য সৃজন। কবি আবুবকর সিদ্দিকের জীবনেও এমন ঘটনা ঘটেছে বৈকি। কিন্তু আমরা সেসব ধর্তব্যে আনতে চাই না। কারণ তিনি তাঁর অতুল সৃজনে এসব উৎরে গেছেন। আর সেই সৃজনে তিনি কী সব্যসাচী কী বহুমাত্রিক তার চেয়ে বড়ো দেশকালমনস্ক জীবনঘনিষ্ঠ এক লেখক। এটাই তাঁর মৌলিক পরিচয়।
