২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালি কাবিনের স্রষ্টা কবি আল মাহমুদ স্মরণীয়েষু

ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক, সমালোচক শিবনারায়ণ রায় বলেছিলেন, “বাংলা কবিতায় নতুন সম্ভাবনা এনেছেন আল মাহমুদ। পশ্চিম বাংলার কবিরা যা পারেন নি, তিনি সেই অসাধ্য সাধন করেছেন।”

হাসান হাফিজ হাসান হাফিজ

Published : 11 Jul 2023, 02:39 PM

Updated : 11 Jul 2023, 02:39 PM

কবি আল মাহমুদের জন্মদিন ১১ জুলাই। তাঁর পুরো নাম ছিল মীর আবদুস শুকুর আল মাহমুদ। জন্ম ১৯৩৬ সালে। মৃত্যু ১৫ ফেব্রুয়ারি ২০১৯। কবিতা, গল্প-উপন্যাস, শিশুসাহিত্য, প্রবন্ধ, স্মৃতিগদ্য, কলাম সব ক্ষেত্রেই তিনি ফসল ফলিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক, সমালোচক শিবনারায়ণ রায় বলেছিলেন, “বাংলা কবিতায় নতুন সম্ভাবনা এনেছেন আল মাহমুদ। পশ্চিম বাংলার কবিরা যা পারেন নি, তিনি সেই অসাধ্য সাধন করেছেন।”

এই লেখার পরিধি মূলত সোনালি কাবিন গ্রন্থের ওপর।

সোনালি কাবিন এক স্বর্ণালি শস্যের সম্ভার। চিরকালের মহার্ঘ এক সম্পদ। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ থেকে আজকের বাংলাদেশ-- ১৪টি সনেটের মালায় সুরেলা সুগন্ধি কাব্যঝঙ্কারে চিত্রিত। কবি আল মাহমুদের তুলনা আল মাহমুদই। তিনি অনন্য, অনুকরণীয়। সোনালি কাবিন সনেটগুচ্ছে শ্রেণি সংগ্রামের কথা যেমন আছে, নিটোল গাঢ় প্রেম, গ্রাম বাংলার চিরায়ত গার্হস্থ্য জীবনও বিধৃত অভিষিক্ত হয়েছে শিল্প-নিপুণ মুন্সিয়ানায়। এই কাব্যগ্রন্থ সমকালীন বাংলা কবিতাকে নতুন মাত্রায় উদ্ভাসিত করেছে। স্থাপন করেছে অসামান্য এক উচ্চতায়। সরল ভাষায় কবির গাঢ় ও প্রত্যয়ী উচ্চারণ-- এ তীর্থে আসবে যদি ধীরে অতি পা ফেলো সুন্দরী,/ মুকুন্দরামের রক্ত মিশে আছে এ মাটির গায়,/ ছিন্ন তালপত্র ধরে এসো সেই গ্রন্থ পাঠ করি/ কত অশ্রু লেগে আছে এই জীর্ণ তালের পাতায়।

সোনালি কাবিন কাব্যগ্রন্থের কবিতাগুলো লাবণ্যে লালিত্যে অনিন্দ্যসুন্দর। সোঁদা মাটির ঘ্রাণ, নদী ও নারীর বহতাধর্ম, চরাঞ্চলের জনজীবনের দিনানুদৈনিকতা, আশা- বেদনা, স্বপ্ন ও আকাঙ্ক্ষা, আচার সংস্কৃতি, সহজ সরল স্বাভাবিক ছন্দ-- এইসব কবিতায় উৎকীর্ণ ও অনুরণিত। কোনোক্রমেই চেষ্টিত, আরোপিত বলে মনে হয় না। এখানেই এ কাব্যের বিশেষত্ব ও আধুনিকতা। সোনালি কাবিন কাব্যগ্রন্থের রচনাকাল ১৯৬৯-৭৩। প্রথম প্রকাশ অক্টোবর ১৯৭৩। বের করেছিল প্রগতি প্রকাশনী। উৎসর্গটাও ছিল চমকে দেয়ার মত-- ‘শামসুর রাহমান, ফজল শাহাবুদ্দীন, শহীদ কাদরী-- আমাদের এক কালের সখ্য ও সাম্প্রতিক কাব্য হিংসা অমর হোক।’

সোনালি কাবিন মুগ্ধ হয়ে পড়তে হয় বারবার, চমকে উঠতে হয়। রোমাঞ্চ বোধ জাগ্রত হয় অনায়াসে, শব্দছবির চমৎকারিত্ব মনোহরণী আবেশে স্থায়িত্ব পায়। এত নির্মেদ, এত সাবলীল, এত শিল্পিত এমনই নান্দনিক। সোনালি কাবিন সম্পর্কে কবি সমালোচক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর বলেছেন :

“... বর্তমান, অতীতকে ইমারতের মতন গড়ে তোলার জন্য তিনি এক চরিত্র ব্যবহার করেছেন বাঙালী মনোস্বভাবের প্রতিনিধি হিসেবে। ঐ ব্যক্তি বাঙালী, কবি, আবহমান মানুষ, ইতিহাসের মধ্যে হৃদয়ের ইতিহাস গেঁথে দিয়েছেন জনপদ, শস্য, হৃদয় সবই এক মহাসত্যের বিভিন্ন দিক। আর শব্দ আবহমান, চিরকালীন গ্রামীণ এবং লোকজ।...”

Image

আলোকচিত্র:

পলিমাটির দেশের লোকজীবন নান্দনিক সৌকর্যে অপূর্ব মহিমা পেয়েছে সোনালি কাবিন--এ। এর রস আস্বাদন করবার জন্য তথাকথিত বোদ্ধা পাঠক হওয়ার প্রয়োজন নেই। ফল্গুধারার মত এই কাব্যধারা বয়ে চলেছে। সনেটের সংখ্যা বেশি না, কিন্তু তার তীব্রতা ও সুগন্ধ আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। আচার, সংস্কার, লোকবিশ্বাস, শ্রেণি সংগ্রাম সবই আশ্চর্য সাফল্যের সঙ্গে চিত্রায়িত করেছেন কবি আল মাহমুদ। তাঁর পক্ষেই বুক চিতিয়ে বলা সম্ভব ‘পরাজিত নই নারী পরাজিত হয় না কবিরা।’ অনেকেরই হয়তো জানা নেই একটি সুসংবাদ : সোনলি কাবিন--এ ইংরেজি অনুবাদ দ্য গোল্ডেন কাবিন বেরিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া থেকে। প্রকাশকের নাম আই প্রক্লেইম প্রেস লিমিটেড। সোনালি কাবিন পরম যত্ন ও দক্ষতার সঙ্গে ইংরেজি অনুবাদ করেছেন কবি সায়ীদ আবুবকর। অনূদিত এই কাব্যগ্রন্থটি বেরোয় ২০১০ সালে।

অদূর ভবিষ্যতে সোনালি কাবিন হয়তো ইউনিসেফের ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে ঘোষিত ও সম্মানিত হবে। সেই সুদিনের অপেক্ষায় আমরা রইলাম।

কবি আল মাহমুদের কতিপয় উক্তি

* আমার লড়াই তথাকথিত শিক্ষিত শ্রেণির বিরুদ্ধে একজন কবির লড়াই।

* কেউ বিশ্বাস করুক বা না করুক, এই মরজগতে মৃত্যুই সুন্দর। সব অমরতার গল্পই কীটদষ্ট কাগজমাত্র।

* কবির কাজ স্বপ্ন দেখানো, আমি এই জাতিকে স্বপ্ন দেখিয়েছি।

* হিন্দির দাপটে কলকাতা থেকে বাংলা বিতাড়িতপ্রায়। কলকাতার লেখকরা ঢাকামুখী, সময় বদলে যাচ্ছে। কিন্তু তাতে আত্মতৃপ্তির বা আত্মশ্লাঘা অনুভব করার কিছু নেই। হিন্দির দাপট কিন্তু বাংলাদেশেও দেখা যাচ্ছে। আকাশ সংস্কৃতির যুগে স্যাটেলাইটের সহায়তায় বাংলাদেশের ঘরে ঘরে এখন হিন্দির অধিষ্ঠান ঘটে চলেছে।

* আমি থাকবো না এর চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে! পৃথিবীটা তো না থাকারই জায়গা।

* আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না।

* আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি।

* আমরা সমাজতন্ত্র কায়েম করতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়ে ইসলামের খেদমত করিয়েছেন।